বার্সাকে হারিয়েই দিল ভ্যালাদোলিদ

যারা এশিয়া কাপের ফাইনাল শেষে লা লিগার বার্সেলোনা বনাম রিয়াল ভ্যালাদোলিদের ম্যাচে দেখতে টিভির রিমোট চেপেছিলেন, নিশ্চিত তাদের চোখ কচলে দুবার দেখতে হয়েছে ম্যাচের স্কোর লাইন! ভুল দেখছি না তো, এমন প্রশ্নও হয়তো বুদবুদ করেছে মনের কোনে। কিন্তু কখনও কখনও নিখাদ তথ্য যে কল্পকাহিনিকেও হার মানায়! আজও হলো তা-ই। ম্যাচের আগে সমর্থকদের ভাবনায় ছিল, আজই বুঝি অবনমন এলাকার ভ্যালাদোলিদকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে বার্সা। কোথায় কী! উল্টো হারল ১-০ ব্যবধানে।
বার্সার বুকে শেল মারার মূল কাজটি করেন রসি। ১৭ মিনিটেই বার্সার জালে বল জড়িয়ে দেন ভ্যালাদোলিদের মিডফিল্ডার। এরপর ভ্যালাদোলিদের রক্ষণব্যূহ ভাঙতে পারেনি বার্সা। লিওনেল মেসির অসুস্থতা নিয়ে শঙ্কা ছিল আগেই। কিন্তু বার্সা ফরোয়ার্ড পুরো ম্যাচই খেলেছেন আজ। জাতীয় দলের জার্সিতে দুদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলের বন্যায় ভাসানো নেইমারও ছিলেন নিস্প্রভ।
এ পরাজয়ে পয়েন্ট টেবিলে এখনো বার্সার অবস্থান দ্বিতীয় আছে ঠিকই, তবে শিরোপা প্রতিদ্বন্দ্বি রিয়াল-অ্যাটলেটিকো থেকে তারা একটি ম্যাচ বেশি খেলেছে। ২৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৬৩। ফলে লিগ শিরোপা জিততে হলে কঠিন পথই পাড়ি দিতে হবে মার্টিনোর দলের।