বার্সাকে ‘বার্সা’ই থাকতে বললেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্ন মিউনিখের কাছে অসহায় আত্মসমর্পণের পর প্রশ্ন উঠেছে, বার্সেলোনার ‘টিকিটাকা’ তবে কি অচল হয়ে গেল! অনেকেই মত দিয়েছেন, বলের দখল রেখে পাসিং ফুটবলের যে ধরন, সেটা পাল্টানো উচিত বার্সার। তবে এই মতের সঙ্গে একমত নন লিওনেল মেসি। বার্সার সাফল্যের মূল কাণ্ডারি বললেন, বার্সাকে তার নিজস্ব পরিচয়টা ভোলা চলবে না।সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘কাজটা আগের চেয়ে কঠিন হয়ে উঠেছে। প্রতিবছর আপনার পক্ষে সব ট্রফি জেতা সম্ভব নয়। সব কোচের অধীনেই আমরা একইভাবে বহুদিন ধরে খেলে আসছি। সবগুলো দলই এখন আমাদের দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে আমরা কেন জিতছি না, অন্তত ইউরোপে। কিন্তু এই বছরে যা হয়েছে তাতেই মাথা খারাপ করে ফেললে চলবে না। আমরা বার্সেলোনার খেলার ধরন পাল্টে ফেলতে পারি না, যেটা এই দলকে স্বতন্ত্র করে তুলেছে। আপনাকে মাথা ঠান্ডা রেখে সামনের বছরের দিকে তাকাতে হবে।’সমস্যাটা বার্সার খেলার ধরনের নয়, বরং মেসি মনে করেন, ক্যানসারের সঙ্গে লড়াই করতে থাকা কোচ টিটো ভিলানোভার দীর্ঘ অনুপস্থিতিই মূল প্রভাব ফেলেছে, ‘তিনি যখন ছিলেন না, স্পষ্টত পার্থক্যটা বোঝা গেছে। এমনটা নয় যে তাঁর অনুপস্থিতিতে যারা ছিল, তারা যোগ্য নয়। আসলে প্রধান কোচের না-থাকার শূন্যতাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। অবশ্যই এতে সবকিছু আগের মতো হয়নি।’ চ্যাম্পিয়নস লিগে না পারলেও দল লিগ শিরোপা পুনরুদ্ধার করছে। এর থেকেও অনেক ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন ২৫ বছর বয়সী তারকা, ‘মৌসুম অনেক লম্বা, উদ্যাপন দিয়ে এর শেষটা করতে পারা দারুণ কিছু।’ এএফপি।