বার্সাকেই চাইতেন পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের প্রায় পুরোটাই কাটিয়েছেন নিজের দেশের ক্লাব সান্তোসে। ফুটবলের আনন্দভ্রমণ হিসেবে পড়ন্ত বেলায় দুটি বছর খেলেছেন নিউইয়র্ক কসমসে। ইউরোপের কোনো ক্লাবে খেলা হয়নি পেলের। কিন্তু ব্রাজিল কিংবদন্তি যদি এখন খেলতেন? বেছে নিতেন বার্সেলোনাকে। বর্তমান বার্সেলোনার খেলার ধরন যে তাঁর সময়ের সান্তোসের মতোই! টাইম ম্যাগাজিনকে পেলেই বলেছেন, ‘এই সময়ের ফুটবলে খেললে আমি হয়তো বার্সেলোনাকেই বেছে নিতাম।’ কেন, ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জেতা ৭৩ বছর বয়সী পেলে সেই ব্যাখ্যাও দিয়েছেন, ‘আমি হয়তো দুই বা তিনটি ক্লাবে খেলতে পারতাম। কিন্তু এ মুহূর্তে আমি বার্সেলোনার কথাই বলব। কারণ, তাদের খেলার ধরন অনেকটাই আমার সময়ের সান্তোসের মতো।’ বার্সেলোনার টিকি-টাকা ধরনটা যে পেলের পছন্দ, সেই প্রমাণ অবশ্য আগেও দিয়েছেন। সান্তোস ছেড়ে নেইমারের ইউরোপে পাড়ি জমানো নিয়ে যখন জোর আলোচনা, উত্তরসূরিকে বার্সেলোনায় যাওয়ারই পরামর্শ দিয়েছিলেন। ওয়েবসাইট।