বার্সাতেই মেসির শেষ দেখেন মার্টিনো

চলতি মৌসুমেও তাঁর ৪১ ম্যাচে ৩৮ গোল। বিশ্বের যেকোনো স্ট্রাইকারের জন্য ঈর্ষণীয়। অথচ মেসির নাকি ফর্ম খারাপ যাচ্ছে, সেরা সময় নাকি পেছনে ফেলে এসেছেন বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার!
কারণটা অনুমান করা কষ্টকর কিছু নয়। কারণ, তিনি মেসি, তাঁর তুলনা হয় সব সময় নিজের সঙ্গে। কারণ, শেষ কয়েকটা ম্যাচে তাঁর শরীরী ভাষা।গোলখরা আগেও এসেছে তাঁর ক্যারিয়ারে, চোটের চোখ রাঙানিও দেখেছেন। কিন্তু এসবের পরও মাঠে শতভাগ উজাড় করে দিতে কার্পণ্য করেননি। গত তিন-চারটি ম্যাচে সেই ব্যাপারটাই নেই। প্রতিপক্ষের ডিফেন্স চেরা পাস কিংবা জাদুকরি ড্রিবলিং দূরের কথা, মাঠে বলের পেছনে ছুটতেই যেন তাঁর অনাসক্তি! খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নিজের সেরাটা কি দিয়ে ফেলেছেন লিওনেল মেসি?
অনেকে অনেক তত্ত্ব নিয়ে উপস্থিত। আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তির দাবি, মেসি মানসিক শ্রান্তিতে ভুগছেন। কেউ বলছেন, বিশ্বকাপের জন্য নিজেকে বাঁচিয়ে খেলছেন। আবার অনেকের ধারণা, বার্সেলোনার হয়ে শিরোপাজয়ের ক্ষুধাটা হারিয়ে ফেলেছেন। নতুন চ্যালেঞ্জ নিয়ে পাড়ি জমানো উচিত নতুন কোনো ক্লাবে। চলতি সপ্তাহে স্প্যানিশ পত্রপত্রিকাগুলোও সরগরম হয়ে উঠেছে মেসির সম্ভাব্য বিদায় নিয়ে।
বার্সেলোনার ব্যর্থতার দায় নিতে হচ্ছে কোচ জেরার্ডো মার্টিনোকেও। তা নিতে তাঁর আপত্তি নেই। তবে মেসিকে নিয়ে বাতাসে ভেসে বেড়ানো এসব গুঞ্জন তিনি উড়িয়ে দিয়েছেন, ‘মেসির ভবিষ্যৎ নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে সেটা শুনলে বিশ্বের ৯০ ভাগ মানুষ বিস্মিত হবে। আমি এসব কথা একদমই কানে তুলছি না। বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবে মেসির ক্যারিয়ার শেষ হবে, আমি এমন সম্ভাবনা দেখি না।’ ওয়েবসাইট।