বার্সাতেই শেষ ইনিয়েস্তার!

খবর ছিল, বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নে অনিচ্ছুক আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১৫ সালে বর্তমান চুক্তি শেষে তাঁকে পাওয়ার জন্য ম্যানচেস্টারের দুই দল ইউনাইটেড ও সিটির আগ্রহের কথাও শোনা গিয়েছিল। কিন্তু ইনিয়েস্তা বার্সেলোনাতেই থাকছেন। চুক্তি নবায়নে দুই পক্ষই রাজি—এমন খবর দিয়ে কাতালান ক্লাবটির নতুন কোচ জেরার্ডো মার্টিনো বলছেন, ‘সভাপতি (সান্দ্রো রোসেল) এবং আন্দ্রেসের কথায় এটা এখন পরিষ্কার, বার্সাতেই সে ক্যারিয়ার শেষ করতে চায়।’ ২০১১-১২ মৌসুমের ইউরোপ-সেরা ইনিয়েস্তা বার্সেলোনাতে খেলে ক্যারিয়ার শেষ করুন, মার্টিনোও এটা চান, ‘ক্লাব সভাপতি হলে আমিও চাইতাম, ক্লাবের প্রতীক হয়ে ওঠা তার মতো এমন একজন খেলোয়াড় এখানে খেলেই ক্যারিয়ার শেষ করুক।’ এ বছর যোগ দিয়েই ক্লাবের সর্বোচ্চ দ্বিতীয় পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ে পরিণত হয়েছেন নেইমার। চুক্তি নবায়নে ইনিয়েস্তার ‘অনীহা’কে নেইমারকে কেনার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখেছেন কেউ কেউ। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে ইনিয়েস্তাও ঘোষণা করলেন, ‘আমি এটুকুই বলতে পারি, এখানে খেলেই ক্যারিয়ারের শেষ টানার ইচ্ছা আমার। ক্লাবের ইচ্ছাও তাই।’ রয়টার্স ও ওয়েবসাইট।