বার্সাতেই সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস সুয়ারেজ
লুইস সুয়ারেজ

লুইস সুয়ারেজকে ধরে রাখতে পারল না লিভারপুল। শেষ পর্যন্ত ইচ্ছা না থাকলেও বার্সেলোনার কাছে উরুগুইয়ান স্ট্রাইকারকে বিক্রি করতে রাজি হয়েছে ইংলিশ ক্লাবটি। কাল ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স এই খবর জানিয়েছেন। পাঁচ বছরের চুক্তিতে সুয়ারেজকে কিনতে প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ড খরচ করতে হচ্ছে বার্সেলোনাকে। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ গোল করা সুয়ারেজ মেডিকেল পরীক্ষা দিতে আগামী সপ্তাহেই বার্সেলোনা যাবেন।
বিশ্বকাপে ইতালির জর্জো কিয়েলিনিকে কামড়ে দিয়ে এখন চার মাসের নিষেধাজ্ঞায় সুয়ারেজ। এই চার মাস ফুটবল-সংক্রান্ত কোনো কার্যক্রমেই অংশ নিতে পারবেন না ২৭ বছর বয়সী স্ট্রাইকার। আগামী অক্টোবরে নিষেধাজ্ঞা উঠে গেলে মেসি ও নেইমারের পাশে সুয়ারেজকে নিয়ে অপ্রতিরোধ্য এক আক্রমণভাগই পাচ্ছে বার্সেলোনা।
লিভারপুল হারাল তাদের সেরা খেলোয়াড়কে। সেই আক্ষেপ চাপা দিয়ে কোচ রজার্স বিবৃতিতে শুধু সুয়ারেজের প্রশংসাই করেছেন, ‘লুইস অন্য রকম এক প্রতিভা। গত কিছুদিনে ওকে লিভারপুলে রেখে দিতে সব ধরনের চেষ্টাই করা হয়েছে। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও আমরা ওর স্পেনে যাওয়ার ইচ্ছাকে সম্মান জানিয়ে বিক্রি করতে রাজি হয়েছি।’
২০১১ সালে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডাম থেকে ২৩ মিলিয়ন পাউন্ডে সুয়ারেজকে কিনেছিল লিভারপুল। লিভারপুলকে ধন্যবাদ জানিয়ে সুয়ারেজ বলেছেন, কখনোই ভুলবেন না অলরেডদের। রয়টার্স।