বার্সায় এলেন মার্টিনো

টিটো ভিলানোভার উত্তরসূরি হিসেবে তাঁর নাম ঘোষিত হয়েছে আগেই। গতকাল চুক্তিপত্রে সই করে আনুষ্ঠানিকভাবেই বার্সেলোনার হয়ে গেলেন জেরার্ডো মার্টিনো। চুক্তিটা হয়েছে দুই বছরের। বার্সেলোনার ওয়েবসাইটে চুক্তিপত্রে সই করার বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, আর্জেন্টাইন কোচ তাঁর পুরোনো ক্লাব থেকে দুজন সহকর্মীকেও নিয়ে এসেছেন।
এঁরা হলেন নিওয়েলস ওল্ড বয়েজে তাঁর সহকারী কোচ হোর্হে পাওতাসো এবং ফিটনেস কোচ এলভিও পাওলোরোসো। এর আগে গত পরশু ন্যু ক্যাম্পে এসে বার্সেলোনার কোচ হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনটা করেছেন মার্টিনো। যেখানে সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছেন, সেস ফ্যাব্রিগাস থেকে যাচ্ছেন ন্যু ক্যাম্পেই। আট বছর আর্সেনালে কাটিয়ে ২০১১ সালে নিজের ক্লাব বার্সেলোনায় ফিরে আসেন ফ্যাব্রিগাস। কিন্তু এ মৌসুমে ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারকে পেতে মরিয়া হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুবার প্রস্তাবও পাঠিয়েছে। কিন্তু ইংলিশ চ্যাম্পিয়নদের দুটি প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে বার্সেলোনা। মার্টিনো বললেন, ‘আমি ক্লাবের আর্থিক বিষয়ে নিজেকে জড়াব না। তবে এরই মধ্যে তারা দুবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কাজেই আমি তৃতীয়বার সেটা করব। আমরা তাকে ধরে রাখতে যাচ্ছি।’
নতুন ক্লাবে মেসি-নেইমারদের মতো খেলোয়াড়দের নিয়ে তাঁর ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে প্যারাগুয়ের সাবেক কোচ কী বলেছেন জানা যায়নি। তবে প্যারাগুয়ে জাতীয় দল এবং সর্বশেষ নিওয়েলস ওল্ড বয়েজে তাঁর কাজের ধরন ও সাফল্য বিবেচনায় মার্টিনোর প্রতি সবাই আস্থাশীল। যদিও বার্সার নতুন কোচ সবচেয়ে বড় প্রশংসাটা পেলেন ক্লাবের সাবেক সভাপতি হুয়ান লাপোর্তার কাছ থেকে।
বার্সার বর্তমান সভাপতি সান্দ্রো রোসেলের সঙ্গে লাপোর্তার সম্পর্কটা ভালো নয়। সুযোগ পেলেই প্রতিদ্বন্দ্বীকে সমালোচনার তিরে বিঁধেন তিনি। তবে এবার সমালোচনার তির সরিয়ে রেখে সেই লাপোর্তাও বলছেন, মার্টিনোকে কোচ নিয়োগ দেওয়ায় প্রমাণিত হয়েছে, বার্সেলোনা নিজস্ব আক্রমণাত্মক ফুটবল-দর্শনটা ধরে রাখতে চায়।
বার্সেলোনায় কোচ হওয়ার পরপরই সংবাদ সম্মেলনে মার্টিনো দাবি করেছিলেন, এই নিয়োগের পেছনে লিওনেল মেসি ও তাঁর বাবা হোর্হের একটা প্রভাব আছে। কিন্তু মেসি পরে এটি অস্বীকার করে বলেছেন, ‘মার্টিনোর নিয়োগের পেছনে আমার কোনো হাত নেই। এটা পুরোপুরিই প্রেসিডেন্ট রোসেল ও ক্লাবের ব্যাপার।’ লাপোর্তা মনে করেন মার্টিনোর কোচ হওয়ার পেছনে দলের মধ্যমণি মেসির যদি হাত থেকেই থাকে, সেটা খারাপ নয়, ভালোই।
মার্টিনোও পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন, মেসির সঙ্গে দুর্দান্ত একটা বোঝাপড়া গড়ে তুলেই তিনি এগোবেন, ‘আমরা যেটা করতে চাই তা হলো তাকে (মেসি) সুস্থির রাখা, তার মনটাকে প্রশান্ত রাখতে পারলে বাকিটা সে-ই করে দেবে।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।