বার্সায় মাচেদো থেকে নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

সান্তোসেই তারকাদ্যুতি ছড়িয়েছেন। জাতীয় দলের হয়ে ঝলক দেখিয়েছেন ঘরের মাঠে গত কনফেডারেশনস কাপে। তবু তাঁর নিজেকে প্রমাণের বড় মঞ্চ হিসেবে দেখা হচ্ছে স্প্যানিশ লিগকে। আজ থেকে শুরু লা লিগায় নিজেকে কি মেলে ধরতে পারবেন বার্সেলোনার নেইমার? কাতালান ক্লাবটিতে ব্রাজিলিয়ান পূর্বসূরিরা কিন্তু প্রেরণাই হতে পারে ২১ বছর বয়সী এই স্ট্রাইকারের।এভারিস্তো

মাচেদো(১৯৫৭-৬২)
বার্সেলোনায় প্রথম ব্রাজিলিয়ান সুপারস্টার এভারিস্তোর ছিল দারুণ বলনিয়ন্ত্রণের ক্ষমতা। দুই পায়েই নিতে পারতেন দুর্দান্ত শট। সে সময়ে বার্সেলোনার প্রাণভোমরা হয়ে খেলা এভারিস্তো জেতেন দুটি করে লিগ ও ফেয়ারস কাপ এবং একটি কোপা ডেল রে শিরোপাও।
|ম্যাচ: ২২৬, গোল: ১৭৮, বড় শিরোপা: ৫

রোমারিও (১৯৯৩-৯৫)
মাত্র দুই মৌসুম খেলেছেন, তাতেই নিজেকে চিনিয়েছেন রোমারিও। তাঁকে নিয়ে সে সময়ের বার্সা কোচ ইয়োহান ক্রুইফের গর্ব ছিল, ‘কোচ হিসেবে আমি যেসব খেলোয়াড়কে পেয়েছি তাদের মধ্যে সেরা কে? সে হচ্ছে রোমারিও। তার টেকনিক অসাধারণ। যত রকমভাবে সম্ভব, তার সব রকমভাবেই সে গোল করতে পারে।’ প্রথম মৌসুমেই লা লিগায় ৩৩ ম্যাচে ৩০ গোল করেছিলেন রোমারিও।
ম্যাচ: ৮২, গোল: ৫৩, বড় শিরোপা: ১

এভারিস্তো মাচেদো, রোমারিও, রোনালদো, রিভালদো ও রোনালদিনহো
এভারিস্তো মাচেদো, রোমারিও, রোনালদো, রিভালদো ও রোনালদিনহো

রোনালদো (১৯৯৬-৯৭)
দুর্দান্ত গতি, অসাধারণ স্কিল আর শারীরিক সক্ষমতা— এই তিনের সুষম মিশেল রোনালদো। লা লিগার এক মৌসুমেই কাতালান ক্লাবটির হয়ে ৩৭ ম্যাচে করেছেন ৩৩ গোল। এই উদ্ভাসিত পারফরম্যান্স তাঁকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফিফা বর্ষসেরার খেতাব পেতে করেছে সাহায্য।
ম্যাচ: ৫১, গোল: ৪৭
বড় শিরোপা: ২

রিভালদো (১৯৯৭-২০০২)
রোনালদোর বিকল্প হিসেবেই বার্সেলোনায় নিয়ে আসা হয়েছিল রিভালদোকে, যদিও রোনালদোর মতো জাত স্ট্রাইকার তিনি ছিলেন না। তবে তাঁকে এনে হতাশ হতে হয়নি বার্সেলোনাকে। ফুটবল দক্ষতা দিয়েই তিনি দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠেছিলেন।
ম্যাচ: ২৫৩, গোল: ১৩৬

বড় শিরোপা: ৩

রোনালদিনহো (২০০৩-০৮)
রিয়ালের চাঁদের হাটে ঢাকা পড়ে প্রায় চার বছর শিরোপাশূন্য ছিল বার্সেলোনা। কিন্তু রোনালদিনহো যোগ দিয়েই বদলে দিতে থাকেন বার্সাকে। প্লে-মেকার রোনালদিনহোর উজ্জীবিত পারফরম্যান্সেই দুই বছরের মধ্যে চ্যাম্পিয়নস লিগ জিতে আবার ইউরো-সেরা ক্লাব হিসেবে আবির্ভূত হয় বার্সেলোনা।
ম্যাচ: ২৫০, গোল: ১১০
বড় শিরোপা: ৩