বার্সার অবিশ্বাস্য জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখ ভার করে ডেভিড ভিয়া কী যেন বললেন। উত্তরে চোখ টিপে দিলেন লিওনেল মেসি। এর পর দুজনই হেসে দিলেন ফিক করে। দুজনের সম্পর্ক নিয়ে সংশয়ের শেষ মেঘ তখন অনেকটাই যেন উবে গেছে। যে মেঘ আগেই গলে গেছে, যখন ম্যাচের শেষ প্রান্তে এই দুই খেলোয়াড়ের দুর্দান্ত ওয়ান-টু থেকে বার্সা পেয়ে গেছে তৃতীয় গোল। মেসির সঙ্গে ভিয়ার কল্পিত বিরোধের ছবিটা তখন একেবারেই ঝাপসা, যখন বার্সার খেলোয়াড়দের উদ্যাপনের ভিড়টায় একে-অন্যের ওপর হামলে পড়েছেন শিশুতোষ উচ্ছ্বাস নিয়ে।মেসি-ভিয়ার বোঝাপড়াতেই শেষ পর্যন্ত পরশু উদ্ধার পেল বার্সা। গত জানুয়ারির পর থেকে লিগে গোলের দেখা পাচ্ছিলেন না সেস ফ্যাব্রিগাস। ২-০ গোলে পিছিয়ে পড়া বার্সাকে ২-২ সমতায় দাঁড় করিয়েছেন একাদশে জায়গা নিয়ে প্রশ্নের মুখে পড়া ফ্যাব্রিগাসই। খেলার শেষ চার মিনিটে দুই গোল করে পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে বার্সা। লিগে ছয় ম্যাচে ছয় জয়—বার্সার ইতিহাসেরই সেরা শুরু। শত বছরের ইতিহাসে বার্সার এমন ভালো শুরু এর আগে হয়েছিল মাত্র চারবার।বার্সার জয়টা আসলেই অবিশ্বাস্য। ২৬ মিনিটে পিওতর ট্রচস্কির পর ৪৮ মিনিটে আলভেরো নেগ্রেদো ২-০ করে ফেলার পর মনে হচ্ছিল, দুই সপ্তাহের মধ্যে দুটি সিংহবধের উল্লাস নিয়েই মাঠ ছাড়বে সেভিয়া। ট্রচস্কির গোলেই রিয়াল মাদ্রিদকে মাত্রই কিছুদিন আগে হারিয়েছে তারা। ৫৩ মিনিটে ফ্যাব্রিগাস এক গোল শোধ দেওয়ার পরও সেভিয়া পাচ্ছিল জয়ের সুবাস। ছকটা পাল্টাল একেবারে শেষ মুহূর্তে। ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে সমতা আনলেন ফ্যাব্রিগাস। এর পর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে মেসি-ভিয়ার যৌথ প্রচেষ্টার সেই গোল। তিনটি গোলই করিয়েছেন ইনিয়েস্তার অনুপস্থিতিতে পুরোদস্তুর মিডফিল্ডার হিসেবে নিচে নেমে খেলা মেসি। এই ৩৮ বছর বয়সেও আন্দ্রেস প্যালপ এমন দুর্ষর্ধ গোলকিপিং না করলে দুটি গোল পেতেই পারতেন মেসি। প্রথম ১৩ মিনিটের মাথায় তাঁর কোনাকুনি শটটা চকিতে বাঁয়ে ঝাঁপিয়ে সেভ করেছেন। প্যালপের আসল জাদুটা ছিল ৬০ মিনিটে। মেসির ৩০ গজি ফ্রি-কিক ক্রসবার ঘেঁষে ভেতরে ঢোকার মুখে প্যালপ আঙুলের টোকায় আটকে দেন। মেসিকে আরও একবার গোলবঞ্চিত করেছে সেভিয়ার রক্ষণ। পেদ্রোর শট একেবারে গোললাইন থেকে ক্লিয়ার করেছেন গ্যারে মেদাল।এই মেদালই পরে ডুবিয়েছেন। ৭০ মিনিটে ফ্যাব্রিগাসকে ঢুস মারতে গিয়ে লাল কার্ড দেখেছেন। এটাই খেলার মোড় ঘুরিয়ে দেয়। ম্যাচ শেষে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি সেভিয়া কোচ হোসে মিগুয়েল গঞ্জালেস। তবে বার্সা কোচ টিটো ভিলানোভার দাবি, ‘এটা নিঃসন্দেহে লাল কার্ডের অপরাধ। কখনো কখনো রেফারিদের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়, সহজেই তারা ভুল করে ফেলে। কিন্তু এ ক্ষেত্রে এমনটা হয়নি।’ এএফপি, রয়টার্স। সর্বশেষকাল দেপোর্তিভোর বিপক্ষে প্রথমার্ধ শেষে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে এগিয়ে ছিল। ক্রিস্টিয়ানো রোনালদো করেছেন দুই গোল।