বার্সার আজ ‘একের’ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় থেকে তিন বাদ দিলে তিন। যোগ এক চার। চার বিয়োগ তিন—এক!সপ্তাহ না ঘুরতেই ছয়ের ব্যবধান আজ একে নামিয়ে ফেলার সুযোগ পাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ লিগে সপ্তাহের মাঝামাঝি দিনের খেলায় আজ নিজেদের মাঠে গেটাফের মুখোমুখি তারা। আজ জিতলেই রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান নেমে আসবে একে! লিগের এই দীর্ঘ যাত্রাপথে দুই পরাজয়ের একটি এই গেটাফেই উপহার দিয়েছিল বার্সাকে। বার্সেলোনার জন্য আজ প্রতিশোধ নেওয়ারও সুযোগ। সুযোগ লিগের জয়ের ধারাটি টানা ১০ ম্যাচে উন্নীত করারও। লিগে সর্বশেষ ছয় ম্যাচের চারটিই জিতেছে গেটাফে। কিন্তু ন্যু ক্যাম্পে সব ধরনের প্রতিযোগিতা মিলে গত ৫৩ ম্যাচে হারেনি বার্সেলোনা!একসময় যে স্বপ্ন মনে হচ্ছিল ধূসর, সেটাই অনেকটা রোদ ছড়িয়ে আজ ধরা দিচ্ছে ভবিষ্যতের ফ্রেমে। জেগে উঠেছে আশার ডুবোচরও। অথচ বার্সেলোনা শিবিরের কথাবার্তা শুনে মনে হচ্ছে, এসব পয়েন্ট টেবিলের গাণিতিক হিসাব, জয়-পরাজয়ের সমীকরণ, অতীত পরাজয়ের শোধ নেওয়ার স্পৃহা...সব তুচ্ছ। জীবন এর চেয়েও বড় আশাবরী গান গায়। জীবনের আয়তন-ক্ষেত্রফল আরও অনেক বড়। বার্সেলোনাকে এমন দার্শনিক উপলব্ধির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন এরিক আবিদাল। আজ প্রিয় সতীর্থ আবিদালের যকৃৎ প্রতিস্থাপন করা হবে। বার্সার ফরাসি ডিফেন্ডারকে শুভকামনা জানাতে পরশু পুরো দল এসেছিল তাঁর শয্যাপাশে। এক বছরের মাথায় দ্বিতীয়বার যকৃতে অস্ত্রোপচার করাতে হচ্ছে। ফুল-শুভকামনা-প্রার্থনার পাশাপাশি আবিদালের জন্য পরশু একটা গোলও নিয়ে এসেছিলেন পেদ্রো। লিগের গত ম্যাচে করা গোলটি আবিদালকে উৎসর্গ করেছেন স্প্যানিশ স্ট্রাইকার। স্ট্রাইকার-সংকট, ইনজুরি-সমস্যা, অতিমাত্রায় মেসি-নির্ভরতার এই সময়ে পেদ্রোর গোল পাওয়াটা বার্সার জন্য সুখবরই। বিশেষ করে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে যখন পা ফেলতে যাচ্ছে স্পেন ও ইউরোপ চ্যাম্পিয়নরা। আজকের ম্যাচ জিতলে রিয়াল সত্যিকার অর্থেই নিঃশ্বাস দূরত্বে চলে আসবে। আগামীকাল মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর মুখোমুখি রিয়াল। লিগে ১৯৯৯ সালের পর থেকে নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারেনি অ্যাটলেটিকো। অবশ্য অ্যাটলেটিকো ড্র করলেও খুশিই হবে বার্সা। কাতালান-সমর্থকদের অনেকেই মনে করেন, ২১ এপ্রিলের এল ক্লাসিকোর তিনটা পয়েন্ট তো ধরাই আছে! সমর্থকেরা যে যা-ই বলুন, বার্সা কিন্তু এখনো রিয়ালকেই ফেবারিট বলে যাচ্ছে। সেস ফ্যাব্রিগাস যেমন বললেন, রিয়ালের পয়েন্ট কমতে কমতে ব্যবধান চারে এসে নামবে, তা তাঁরা প্রত্যাশা করেননি। তবে এখনো রিয়ালই ফেবারিট। ওয়েবসাইট।