বার্সার আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূপাতিত নেইমার। পরশু রিয়াল সোসিয়েদাদের কাছে বার্সেলোনারও হলো এমন দুর্গতি  এএফপি
ভূপাতিত নেইমার। পরশু রিয়াল সোসিয়েদাদের কাছে বার্সেলোনারও হলো এমন দুর্গতি এএফপি

ছুটে যেতে পারত আরও কঠিন প্রশ্ন। কিন্তু প্রশ্নবাণে জর্জরিত হতে চাননি বলেই হয়তো জেরার্ডো মার্টিনো ‘দুই হাত তুললেন’ প্রথমেই। ম্যাচ শেষে বার্সেলোনা কোচের আত্মসমর্পণ, ‘বার্সেলোনার এই হারের দায়টা আমারই।’ অসহায় স্বীকারোক্তি, ভুল ছিল কৌশলে!
সেই ভুলের কড়া মাশুলই দিতে হয়েছে বার্সেলোনাকে। রিয়াল সোসিয়েদাদের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা দৌড়ে ৩ পয়েন্টে পিছিয়ে পড়ল বার্সা। এলচেকে ৩-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে উঠে যায় বার্সা মাঠে নামার আগেই।
মার্টিনোর ভুল ট্যাকটিকস মাঠে মুখ থুবড়ে পড়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে সোসিয়েদাদের কাছে তারা ছিল একেবারেই কোণঠাসা। তিন দিন আগে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির মাঠ থেকে জিতে এসেছে। দলে ছিল না চোটশঙ্কা। নেইমারকে ফিরে পেয়েছেন। মেসি স্বরূপে। জয়ের জন্য সব রসদই তো ছিল।
তবে মার্টিনো হয়তো ভুলে গিয়েছিলেন, ১২ দিন আগে এই সোসিয়েদাদের মাঠ থেকেই তাদের ফিরতে হয়েছিল ড্র (১-১) করে (কোপা ডেল রেতে)। পরশু দল নামান তিন দিন আগে সিটির বিপক্ষে খেলা দলটিতে ছয়টি পরিবর্তন এনে। জেরার্ড পিকে-মনতোয়াদের সঙ্গে রক্ষণে নামিয়ে দেন অ্যালেক্স সংকে। ৩২ মিনিটে এই সংয়েরই আত্মঘাতী গোলে প্রথম পিছিয়ে পড়া। চার মিনিট পরই অবশ্য দুর্দান্ত এক গোলে ১-১ করেন মেসি। লিগে মেসির ১৪ নম্বর গোলটি তাঁকে নিয়ে গেছে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউলের ওপরে। ২২৯ গোল নিয়ে স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি এখন তিনে। সামনে কেবলই হুগো সানচেজ (২৩৪টি) আর তেলমো জারা (২৫১টি)। তবে মেসির এই আনন্দ মুছে যেতে সময় লাগেনি। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যেই দুই গোলে জয় নিশ্চিত করে ফেলে সোসিয়েদাদ। বিরতির সময় টানেলে রেফারির প্রতিবাদ করায় বহিষ্কৃত বার্সা কোচ দ্বিতীয়ার্ধে ডাগ-আউটেই থাকতে পারেননি।
এর আগের ম্যাচে ইয়ারামেন্দি, বেল ও ইসকোর গোলে এলচেকে হারায় রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতি বুঝতেই দেননি তিন গোলদাতা। এএফপি।