বার্সার আরও পেছনে রিয়াল
লা লিগার ইতিহাসের সেরা শুরুর মাইলফলক ছুঁয়ে ফেলেছে বার্সেলোনা। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭, দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো পিছিয়ে আছে ৩ পয়েন্টে। তবে এই সপ্তাহের সবচেয়ে সাড়া জাগানো খবর রিয়াল বেটিসের কাছে রিয়াল মাদ্রিদের হার। বেটিসের মাঠে এই পরাজয়ের পর রিয়ালের সঙ্গে বার্সার ব্যবধান হলো ১১ পয়েন্ট। লিগের এক-তৃতীয়াংশ শেষের এ অবস্থা থেকে শিরোপা জিততে হলে অতিমানবীয় কিছু করতে হবে হোসে মরিনহোর দলকে। সেটা তারা পারবে কি না সময়ই বলে দেবে। তবে ১-০ গোলে হারের পর বেটিসকে অভিনন্দনই জানিয়েছেন ‘স্পেশাল ওয়ান’, ‘আমি বেটিস খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছি কারণ তারা মাঠে নিজেদের উজাড় করে দিয়েছিল।’ কিন্তু রেফারিকেও একহাত নিতে ছাড়েননি, ‘বেনজেমার একটা গোল বাতিল করে দেওয়া হয়েছে। একটা পেনাল্টিও দেওয়া হয়নি।’রিয়ালের সর্বনাশের পরের রাতটা বার্সার জন্য ছিল প্রাপ্তির। লেভান্তেকে তাদের মাঠে ৪-০ গোলে হারিয়েছে অপ্রতিরোধ্য বার্সা। লিওনেল মেসি করেছেন ২ গোল। এই পঞ্জিকাবর্ষে তাঁর গোল হলো ৮২টি। জার্ড মুলারের ৮৫ গোলের রেকর্ড এখন দৃষ্টিসীমায়। তবে দিনটা ছিল আসলে আন্দ্রেস ইনিয়েস্তার, চারটি গোলের তিনটিই বানিয়ে দিয়েছেন, শেষে নিজেও করেছেন দুর্দান্ত একটি গোল। অন্য গোলটি করেছেন সেস ফ্যাব্রিগাস। রিয়াল পিছিয়ে পড়েছে, তবে মাদ্রিদের আরেক দল অ্যাটলেটিকোই এখন বার্সেলোনার মূল প্রতিদ্বন্দ্বী। নিজেদের মাঠে নয়জনের সেভিয়াকে পরশু বিধ্বস্ত করেছে ৪-০ গোলে। বার্সা কোচ ভিলানোভা তাই জয়ের উচ্ছ্বাসকে এক পাশে সরিয়ে রেখে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ‘লিগ এখনো শেষ হয়নি। প্রথমত, এখনো তিন ভাগের দুই ভাগ বাকি আছে। আর অ্যাটলেটিকোও বেশ শক্ত অবস্থানে আছে।’ এএফপি, ওয়েবসাইট।