বার্সার ইব্রা, রোমার টনি
এক পয়েন্ট আর গোল ব্যবধান— ইউরোপের প্রধান তিনটি লিগ লড়াইয়েই আপাতত চলছে এ দুটি হিসাব। ইতালিয়ান সিরি ‘আ’ আর ইংলিশ প্রিমিয়ার লিগের হিসাবটা এক পয়েন্টের। স্প্যানিশ লিগের শীর্ষস্থান নিয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে যে ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা চলছে, তা নিয়ন্ত্রিত হচ্ছে গোল ব্যবধানে। পরশু অবশ্য রিয়াল মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে এক নম্বরে উঠে গেছে বার্সেলোনা। ২৯ ম্যাচে ৭৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট রিয়ালের। কাল রাতে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে থাকলে পয়েন্টে সমতা নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকবে রিয়াল।সিরি ‘আ’তে ডি রসি ও লুকা টনির দুই গোলে এএস রোমা ২-১ গোলে হারিয়ে দিয়েছে ইন্টারকে। ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান এখন শীর্ষে। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রোমা। কাল এসি মিলান জিতে থাকলে রোমার সমান পয়েন্ট হয়ে যাবে তাদেরও। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউ-চেলসিও বিচ্ছিন্ন ১ পয়েন্টে। ৩২ ম্যাচে ৭২ পয়েন্ট ম্যানইউর, চেলসির ৭১।বলা হচ্ছিল, ইন্টারকে হারিয়ে লিগটা চূড়ান্তভাবে জমিয়ে দিতে পারে রোমা। ধারণাটা সত্যি হয়েছে। নিজেদের মাঠে শুরু থেকেই চড়াও হয়ে ডি রসির গোলে ১৭ মিনিটে এগিয়েও যায় রোমা। ৬৬ মিনিটে মিলিতো ইন্টারকে ম্যাচে ফেরালেও লুকা টনি রোমাকে আবার এগিয়ে দেন ৭২ মিনিটে। ওই গোলটাই ধরে রেখে জয়ের পর রোমা কোচ রানিয়েরি বললেন শিরোপা জমিয়ে দেওয়ার কথা, ‘আমরা শিরোপা লড়াইটা আরও উন্মুক্ত করে দিয়েছি এবং এখন এসি মিলানেরও ভালো সম্ভাবনা আছে।’স্প্যানিশ লিগেও বার্সেলোনার মায়োর্কা ভ্রমণের আগে বলাবলি হচ্ছিল, এই ম্যাচ হবে কাতালানদের জন্য বড় এক পরীক্ষা। বড় পরীক্ষাতেই উত্তীর্ণ হয়ে ফিরেছে বার্সা। পরশুর আগে পর্যন্ত নিজেদের মাঠে মাত্র একটি ম্যাচ জেতা মায়োর্কা কাঁপিয়েই দিয়েছিল পেপ গার্দিওলার দলকে। তবে সময়মতো জ্লাতান ইব্রাহিমোভিচ জ্বলে ওঠায় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের জয়সূচক গোলটি ইব্রাহিমোভিচ করেছেন ৬২ মিনিটে। স্প্যানিশ লিগে শুরুটা করেছিলেন দারুণ। প্রথম চার ম্যাচে চার গোল করেছিলেন সুইড স্ট্রাইকার। এর পর থেকেই কেমন যেন হারিয়ে খুঁজছিলেন নিজেকে। গোল পাচ্ছিলেন না। বার্সেলোনার জন্য খুশির খবর, আবার নিজেকে ফিরে পাচ্ছেন ‘ইব্রা’। এএফপি।