ইউরোপিয়ান ফুটবলে বাজছে বিদায়ের রাগিণী। শুধু লা লিগার পর্দাই এখনো নামেনি। চার ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা শুধু একটা লক্ষ্যের দিকেই ছুটে চলেছে।গত মৌসুমে রিয়াল মাদ্রিদের পাওয়া ১০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করা। এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে সেদিকে অনেকটাই তারা এগিয়ে গেছে। এখন শেষ ম্যাচটিতে জিতলেই হবে লক্ষ্যপূরণ। পরশু ৩৭তম রাউন্ডে বার্সার জয়ের দিনে রিয়াল মাদ্রিদ ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে। রিয়ালের জন্য ম্যাচটার গুরুত্ব খুব একটা ছিল না। কিন্তু সোসিয়েদাদ জয়টা চাইছিল খুব করেই। সেটা না হওয়ায় পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নটা তাদের ধাক্কা খেয়েছে। বাস্ক দলটি এখন আছে পাঁচে। সোসিয়েদাদের ড্র করার সুযোগে গ্রানাডাকে হারিয়ে (১-০) ২ পয়েন্ট এগিয়ে গেছে ভ্যালেন্সিয়া। শেষ ম্যাচে সেভিয়ার সঙ্গে জিতলেই নিশ্চিত করে ফেলবে শীর্ষ চার, সঙ্গে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে খেলা। রোনালদো, রামোস, আলোনসোবিহীন রিয়ালকে দারুণ শুরু এনে দেন গঞ্জালো হিগুয়েইন। ৫৭ মিনিটে কায়েহনের গোলে ব্যবধান দ্বিগুণ হওয়ার পর ম্যাচে ফেরে সোসিয়েদাদ। প্রিয়েতো ও গ্রিজম্যানের গোলে সমতা ফেরে তারা (২-২)। এরপর খেদিরার গোলে জয়টাকেই দেখতে পাচ্ছিল রিয়াল (৩-২)। যোগ করার সময়েরও অন্তিম মুহূর্তে প্রিয়েতো আবার গোল করে ১ পয়েন্ট এনে দেন সোসিয়েদাদকে। মৌসুমটা আগেই শেষ হয়ে গিয়েছিল লিওনেল মেসির। তবে সোসিয়েদাদের বিপক্ষে তাঁর অভাবটা টের পেতে দেননি সতীর্থরা। ১৪ মিনিটে সানচেজের গোলের পর ৮৬ মিনিটে পেদ্রো গোল করে জয় নিশ্চিত করেছেন, বার্সাকে নিয়ে গেছেন ৯৭ পয়েন্টে। এতেও একটা রেকর্ড হয়ে গেছে বার্সার। দ্বিতীয় রিয়ালের সঙ্গে ১৫ পয়েন্টের ব্যবধান লা লিগার ইতিহাসেই সর্বোচ্চ।ফ্রেঞ্চ লিগেও পিএসজি শিরোপা-উৎসব করেছে আগেই। গত পরশু শেষ ম্যাচে কার্লো আনচেলত্তির দল লরিয়াঁকে হারিয়েছে ৩-১ গোলে। পিএসজির সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ এক গোল করে ১৯৮৯-৯০ সালে জ্যাঁ পিয়েঁরে পাপাঁর পর প্রথম খেলোয়াড় হিসেবে পেলেন ৩০ গোল। শেষ দিনটা নিজেদের করে নিয়েছে লিওঁ, রেঁনেকে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের বাছাইয়ে খেলা। রয়টার্স।