গত ম্যাচে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নিয়েছেন। মাত্র ২৩ বছর বয়সেই এই অর্জন লিওনেল মেসির। খুব দীর্ঘ পথ কিন্তু পাড়ি দিতে হয়নি এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। বার্সার হয়ে ইউরোপ-শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে ১০টির বেশি গোল আছে মাত্র সাতজনের। ২৭ গোল নিয়ে একে মেসি। এর আগে ওই জায়গায় ছিলেন রিভালদো (২৫টি গোল)। এর পর আছেন যথাক্রমে প্যাট্রিক ক্লাইভার্ট (২১), লুইস এনরিকে (২০), স্যামুয়েল ইতো (১৬), রোনালদিনহো (১৪), হাভিয়ের স্যাভিওলা (১১)। সব ক্লাব মিলে শীর্ষে থাকা রাউল এখনো ধরাছোঁয়ার বাইরে। রিয়াল মাদ্রিদের হয়ে ৬৬ গোল করেছেন এই মৌসুমে শালকেতে নাম লেখানো স্ট্রাইকার। অবশ্য মেসির সামনে সুযোগ এসেছে আর্জেন্টিনার খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাওয়ার। আর দুটি গোল করতে পারলে ২৮ গোল করা হারনান ক্রেসপোকে টপকে যাবেন তিনি।