বার্সার কোচ লাগে না, বলছেন রিকেলমে

ফুটবলে একটা দলের সাফল্যের পেছনে কোচের ভূমিকার কথা কোনোভাবেই অস্বীকার করা যায় না। কোচের ঠিক করে দেওয়া রণকৌশল কাজে লাগিয়েই মাঠের লড়াইটা চালিয়ে যান ফুটবলাররা। কিন্তু কোনো দলে যদি থাকে মেসি, জাভি, ইনিয়েস্তা, পিকে, দানি আলভেজের মতো একঝাঁক তারকা খেলোয়াড়, তা হলেও কী কোচের প্রশিক্ষণ দরকার হয়? হুয়ান রোমান রিকেলমের উত্তরটা হচ্ছে ‘না’। কোচ ছাড়াও বার্সেলোনা প্রতিপক্ষের জন্য ঠিক একই রকম ভয়ংকর হয়ে উঠতে পারে বলেই মনে করেন আর্জেন্টিনার সাবেক এই তারকা।
কোচের সার্বক্ষণিক তত্ত্বাবধান ছাড়াও যে শিরোপা জেতা যায়, সেটা ইতিমধ্যে প্রমাণ করেও ফেলেছে বার্সেলোনা। টিটো ভিলানোভার চিকিত্সার কারণে গত মৌসুমের দীর্ঘ একটা সময় তারা খেলেছে কোচ ছাড়াই। তার পরও মৌসুম শেষে লা লিগার শিরোপাটা ঠিকই ঘরে তুলেছিল কাতালানরা। সেটাও লিগে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে। তবে মেসি, ইনিয়েস্তা, জাভি, পিকেরা অবসরে যাওয়ার পর বার্সেলোনায় একটা বড়সড় বদলই ঘটবে বলে মনে করছেন আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক।
তিনি বলেছেন, ‘বার্সেলোনা কোচ ছাড়াও একই রকম ভালো খেলতে পারবে। গত মৌসুমে কয়েক মাসের জন্য তাদের কোনো কোচ ছিল না। তার পরও পাঁচ ম্যাচ হাতে রেখেই তারা শিরোপা জিতেছিল। জাভি, মেসি, ইনিয়েস্তা, পুয়োল, বুসকেটস, পিকে অবসরে যাওয়ার পর বার্সেলোনায় একটা বড়সড় বদল ঘটবে। কিন্তু এই দলটা কোচ ছাড়াও খেলতে পারবে।’
ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফসহ যে কোনো খেলার আপডেট ও খবর পেতে আপনার মোবাইল থেকে S লিখে এসএমএস করুন ২২২১ নম্বরে