বার্সার কোচ হিসেবে মার্টিনোর নাম ঘোষণা
শুরুতেই লিওনলে মেসির সঙ্গে দারুণ এক মিল মিলে গেল তাঁর। নিউয়েলস ওল্ড বয়েজ থেকে বার্সায় এসেছিলেন মেসি। একই ক্লাব থেকে এলেন জেরার্ডো মার্টিনোও। মেসি এসেছিলেন খেলোয়াড় হিসেবে। মার্টিনোর ভূমিকাটা কোচের। বার্সেলোনার কোচ হিসেবে আজ এই আর্জেন্টাইনের নাম ঘোষণা করা হয়েছে। আপাতত দুই মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্যারাগুয়েকে দারুণ একটা দল বানিয়ে আলোচনায় আসা এই ৫০ বছর বয়সী।বার্সা তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে এই খবর। কয়েক ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে তাঁকে সংবাদমাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হবে।বার্সার এই ঘোষণার মাধ্যমে আরেকবার প্রমাণিত হলো, মেসির কথা ক্লাবটির কাছে কত গুরুত্বপূর্ণ। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভিলানোভার দায়িত্ব ছাড়ার কথা জানানোর সময় নতুন কোচ সম্পর্কে কোনো আভাসই দেননি বার্সার সভাপতি স্যান্দ্রো রসেল কিংবা ক্লাবের পরিচালক আনদোনি জুবিজারেতা। নতুন কোচের দৌড়ে অনেকের নামই এসেছিল। তবে রাখঢাক না করেই স্বদেশি মার্টিনোকে সমর্থন করেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা জানিয়েছিলেন, প্যারাগুয়ের সাবেক এই কোচকে গুরু হিসেবে পেলে খুশিই হবেন তিনি। দলের প্রাণভোমরাকে অখুশি করেনি বার্সা। ভিলানোভার উত্তরসূরি হিসেবে ৫০ বছর বয়সী মার্টিনোকেই বেছে নিয়েছে তারা।গত মৌসুমে নিউয়েলস ওল্ড বয়েজের দায়িত্বে ছিলেন মার্টিনো। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এ ক্লাবটিতেই খেলেন মেসি। মার্টিনোর আসল কৃতিত্ব অবশ্য প্যারাগুয়েকে গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে তোলা। পরের বছর কোপা আমেরিকার ফাইনালেও দলকে নিয়ে গিয়েছিলেন তিনি। এই দলের সঙ্গে চার বছরের দায়িত্বকালে দক্ষিণ আমেরিকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন। ২০০৭ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ নির্বাচিত হন। চতুর্থ আর্জেন্টাইন হিসেবে বার্সার কোচের দায়িত্ব পেলেন তিনি। পূর্বসূরিদের মধ্যে অবশ্য কেবল হেলেনিও হেরেরার আছে বার্সার হয়ে লিগ জেতার রেকর্ড। হেরেরা অবশ্য এর জন্য স্মরণীয়ও নন, তাঁকে ইতিহাস মনে রেখেছে অতিরক্ষণাত্মক এক ফুটবল স্টাইল কাতানেচ্চিওর জনক হিসেবে।