বার্সার ক্ষত শুকানোর মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার কোচ টিটো ভিলানোভা নিউইয়র্কে গেছেন ক্যানসারের চিকিৎসা নিতে। তাঁর অনুপস্থিতিতে দল ভালোই খেলছিল, মনের মধ্যে তির তির করে বইছিল একটা সুখের নদী। কিন্তু এখন নিশ্চিত করেই অস্বস্তির জ্বলুনি অনুভব করছেন ভিলানোভা। এসি মিলানের কাছে বড় পরাজয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের রাস্তাটাই চোখে ভেসে উঠেছে বার্সেলোনার। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনার তির। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ধাক্কা সামলাতে না-সামলাতেই বার্সেলোনাকে নেমে পড়তে হচ্ছে মাঠে। আজই লা লিগায় সেভিয়ার সঙ্গে ম্যাচ। আসলে সামনের গোটা সপ্তাহটাই যাবে ঝঞ্ঝাবিক্ষুব্ধ। মঙ্গলবার রিয়াল মাদ্রিদের সঙ্গে কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগ। তার তিন দিন পর আবার লিগে এল ক্লাসিকো। জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াইয়ে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা।সান সিরোতে গত বুধবার একেবারেই বেসুরো ছিল কাতালান অর্কেস্ট্রা, কোথাও যেন বারবার তাল কেটে যাচ্ছিল। লা লিগায় শিরোপার সুবাস নাকে লাগছে বটে, কিন্তু তাতে চ্যাম্পিয়নস লিগের ক্ষতে প্রলেপ পড়ছে না। জাভি অবশ্য মানতে চাইছেন না এই হারটাই মৌসুমে তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স, ‘আমার মনে হয় না এই ম্যাচে আমরা সবচেয়ে বাজে খেলেছি। আমরা খারাপ খেলেছি বটে, কিন্তু সবচেয়ে খারাপ ছিল না এটা।’ পরের লেগ নিজেদের মাঠে, তাই এখনই সবকিছু শেষ হয়ে গেছে বলেও মানছেন না জাভি, ‘ফলাফলটা খারাপ ছিল, কিন্তু এখনো ৯০ মিনিট বাকি আছে। আমাদের প্রজন্মের কাছে কোনো ঐতিহাসিক প্রত্যাবর্তনের ইতিহাস নেই। আমরা চেষ্টা করব সেটা করতে।’ আপাতত দুটি সুসংবাদ স্বস্তি দেবে রৌরাকে। চোট কাটিয়ে দলে ফিরছেন ডেভিড ভিয়া। যকৃৎ প্রতিস্থাপনের পর দলে ফেরার জন্য তৈরি এরিক আবিদালও।আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদও। প্রতিপক্ষ তলানির দল দেপোর্তিভো লা করুনিয়া। মঙ্গলবারের মহারণের আগে হোসে মরিনহো গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার আভাস দিয়েছেন। চোট কাটিয়ে তিন মাস পর দলে ফিরতে পারেন লেফটব্যাক মার্সেলো। এএফপি।