বার্সার গোল-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বড়দিন। বার্সেলোনা শিবিরে হয়তো উৎসবের আমেজ চলে এসেছিল। বড়দিনের আগে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষের জালে তাই গুনে গুনে নয়-নয়টি গোল! কোপা ডেল রের ৩২ দলের রাউন্ডের দ্বিতীয় লেগে এল’হসপিটালেটকে রীতিমতো ‘হাসপাতালে’ই পাঠাল বার্সা। অথচ তৃতীয় বিভাগের এই দলটির বিপক্ষে প্রথম লেগে বার্সা জিতেছিল ইনিয়েস্তার একমাত্র গোলে।পরশু ১২ মিনিটে গোল-উৎসবের শুরুটা করেন পেদ্রো, পেনাল্টি থেকে গোল করে। একটি করে গোল করেছেন ইনিয়েস্তা আর জাভিও। জোড়া গোল করেছেন থিয়াগো আলকানতারা, ক্রিস্টিয়ান টেল্লো, আইজ্যাক কুয়াঙ্কা। আগেই ছুটি পেয়ে আর্জেন্টিনায় চলে গেছেন বলে লিওনেল মেসি এই ম্যাচে খেলেননি।নিজেদের মাঠে ক্রিসমাস-পূর্ব এই বিশাল জয়ের আনন্দের পর অবশ্য একটা দুঃসংবাদও শুনতে হয়েছে বার্সাকে। এই ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়া ইনিয়েস্তা দুই সপ্তাহের জন্য বাইরে চলে গেছেন। অবশ্য ৪ জানুয়ারির আগে বার্সেলোনার আর কোনো ম্যাচও নেই। ফলে ঠিক সময়েই আবারও ফিরে আসতে পারবেন ইনিয়েস্তা। ৪ জানুয়ারি কোপা ডেল রের প্রি-কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা মুখোমুখি হবে ওসাসুনার। ওয়েবসাইট।