বার্সার ঘাম ঝরানো রাত
নিষ্প্রভ মেসি। ছন্দহীন বার্সেলোনা। গ্রানাডার অটল রক্ষণ। পরশু এমনই এক রাতে উদ্ধারকর্তা হয়ে এলেন তিনি। তাঁর জন্য বিশেষ উপলক্ষ হয়ে আসা রাতটাকে স্মরণীয় করে রাখলেন ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে। আর ৩৩ মিনিটে জাভির সেই একমাত্র গোলে শেষ পর্যন্ত গ্রানাডাকে হারাল বার্সা। এই মৌসুমে প্রথম বিভাগে উঠে আসা এই নবাগত দলটিকে হারাতে ঘাম ছুটে গেছে চ্যাম্পিয়নদের।জাভির জন্য এটি ছিল লিগে তাঁর ৩৯২তম ম্যাচ। এই ম্যাচ দিয়েই বার্সার হয়ে স্প্যানিশ লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন এই মিডফিল্ডার। এর আগে রেকর্ডটি ছিল সত্তর আর আশির দশকে কাতালান ক্লাবটির হয়ে খেলা ‘টারজান’খ্যাত মিগুয়েলির নামের পাশে। এএফপি, ওয়েবসাইট।রেকর্ড গড়ার রাতে ভারপ্রাপ্ত অধিনায়কই শেষ পর্যন্ত হয়ে গেলেন জয়ের নায়ক। গ্রানাডা কিন্তু নয়জনের দল নিয়েই বেশ রুখে দিয়েছিল বার্সাকে। বিশেষ করে আগের ম্যাচে পেনাল্টি মিস করার ঘোর যেন এই ম্যাচেই ঘিরে রেখেছিল মেসিকে। বারবার মেসিকে আটকে দিয়েছে নিজেদের মাঠে খেলা গ্রানাডার রক্ষণ। ৫৩ মিনিটে রোমেরো গোমেজ লাল কার্ড দেখলে ১০ জনের দল নিয়ে শেষ ৪০ মিনিট খেলেছে গ্রানাডা। দ্বিতীয় লাল কার্ডটি দেখেছেন গঞ্জালেস বেনিতেজ। সেটি অবশ্য ম্যাচের যোগ করা সময়ে। সে যা-ই হোক। শেষ পর্যন্ত বার্সার প্রাপ্তি তিন পয়েন্ট। এর ফলে পরশু রাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ফিরে পেয়েছিল তারা। অবশ্য গতকাল রাতে খেলা ছিল লেভান্তে আর রিয়াল মাদ্রিদের। নিজেদের ম্যাচগুলো জিতে থাকলে পয়েন্ট টেবিল ফিরে পাবে আগের চেহারা। লেভান্তে উঠে যাবে শীর্ষে, রিয়াল দুইয়ে, তিনে বার্সা।এই ম্যাচে খেলোয়াড় হিসেবে প্রাপ্তি ছিল ভিক্টর ভালদেসেরও। বার্সা গোলরক্ষক টানা সপ্তম ম্যাচ কাটিয়ে দিলেন গোল না খেয়ে। তবে ভালদেসের চেয়ে জাভির প্রাপ্তিটাই বড়। ম্যাচ শেষে এই ৩১ বছর বয়সী বলেছেন, ‘আমাদের জন্য কঠিন একটা ম্যাচ ছিল এটি। দ্বিতীয়ার্ধে আমরা ম্যাচটা শেষ করে দিতে পারিনি। সব মিলে আমরা ভালোই খেলেছি। তবে উন্নতির আরও সুযোগ আছে।’পেপ গার্দিওলারও দুশ্চিন্তা বাড়ছে। এটা তো পরিষ্কার, বার্সাকে কেউ এখন সামান্য ছাড় দেবে না। গ্রানাডাও দেয়নি। ম্যাচের প্রায় পুরোটা সময়ই তারা রক্ষণাত্মক খেলেছে। বার্সার গোলপোস্টে যেমন একটিও শট নেই তাদের। তবে বার্সাকে এই রক্ষণের জটই খুলতে হবে। গার্দিওলা সেটি বলেছেন, ‘বল পাসিংটা আমাদের সে রকম দ্রুত হয়নি। ১-০ তে এগিয়ে থাকা মানে কিন্তু নিশ্চয়তা নেই, যেকোনো সময় গোল শোধ হয়ে যেতে পারে। পাল্টা আক্রমণে ওরা এমন গতিশীল ছিল, সামান্য ভুলেরও বড় মাশুল দিতে হতে পারত। যা-ই হোক, শেষ পর্যন্ত আমরা জিতেছি।’শেষ পর্যন্ত জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাসও। ইতালিয়ান লিগে পরশু ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে জুভরা। এই জয় দিয়ে সিরি ‘আ’র শীর্ষে উঠে গিয়েছিল জুভেন্টাস। অবশ্য কাল রাতেই শীর্ষে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছিল উদিনেসে, মুখোমুখি হয়েছিল নাপোলির।