বার্সার ঘুরে দাঁড়ানোর ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা বাজে যাচ্ছে বার্সেলোনার। হঠাৎই যেন খেই হারিয়ে ফেলেছে লিওনেল মেসির দল। রিয়াল মাদ্রিদের কাছে দু-দুটি এল ক্লাসিকোয় হার। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ভাগ্যটাও ঝুলছে সুতার ওপর। এসি মিলানের বিপক্ষে শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ লড়াইটা আগামী মঙ্গলবার। সেই ম্যাচের আগেই আজ আবার লা লিগায় মাঠে নামতে হচ্ছে বার্সেলোনাকে। নিজেদের মাঠে আজ বাংলাদেশ সময় রাত ১টায় তারা খেলবে পয়েন্ট টেবিলের তলানির দল দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে। হোক না পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দল, এই দেপোর্তিভোই গত অক্টোবরে নিজেদের মাঠে বার্সার ঘাম ছুটিয়েছিল। গোলবন্যার সেই ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৫-৪ গোলে জেতে বার্সা। তাই লিগে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থাকা দলটির কাছে এই ম্যাচটির গুরুত্বও কম নয়। মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস যেমন বললেন এই ম্যাচ দিয়েই জয়ে ফিরতে চায় তাঁর দল, ফিরে পেতে চায় হারানো আত্মবিশ্বাস, ‘আমরা যদি ভালো ফল না পাই কিংবা ভালো খেলতে না পারি তবে মঙ্গলবারে তো একই আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব না।’ফ্যাব্রিগাসের বিশ্বাস বার্সা ঘুরে দাঁড়াবেই, ‘সবার বিশ্বাস, এই দলটার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব। তবে মাত্র তিনটি ম্যাচের পরই এই দলটাকে নিয়ে অনেকের মনে সংশয় জাগাটা কিছুটা হলেও অন্যায়।’ এই স্প্যানিশ মিডফিল্ডার বাতলে দিয়েছেন মিলান-বধ মন্ত্রও। তাঁর হিসাবটা সহজ, মাথা ঠান্ডা রাখতে হবে, ‘শুরুতেই তেড়েফুঁড়ে খেলার কোনো দরকার নেই। অতি উত্তেজনা ভালো নয়। খেলাটা শুধুই হূদয় দিয়ে খেললে হয় না, আমাদের বুদ্ধিমান হতে হবে। ব্যবহার করতে হবে মাথাটাও।’আজ খেলা নেই মাদ্রিদের দুই দল রিয়াল ও অ্যাটলেটিকো কারোরই। রিয়াল আগামীকাল খেলবে সেল্টা ভিগোর বিপক্ষে, অ্যাটলেটিকোর প্রতিপক্ষ সোসিয়েদাদ। এএফপি, রয়টার্স।