বার্সার জয়, রিয়ালের হোঁচট

আগের তিন ম্যাচের প্রতিটিতেই জয়। সমানতালেই এগিয়ে চলেছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে পয়েন্টের ব্যবধান হয়ে গেল গত রাতে। বার্সা জয়ের ধারা ধরে রাখলেও ড্র করেছে রিয়াল।
রিয়াল নেমেছিল ভিয়ারিয়ালের বিপক্ষে। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। অপর ম্যাচে সেভিয়াকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা।
রেকর্ড এক হাজার কোটি টাকায় এ মৌসুমে গ্যারেথ বেলকে কিনে এনেছে রিয়াল। তাঁর মতো একজন খেলোয়াড়কে এত অর্থ দিয়ে কেনার যৌক্তিকতা ছিল না, এ নিয়ে ঢের বিতর্ক হয়েছে। গতকালই ছিল রিয়ালের জার্সি গায়ে বেলের প্রথম ম্যাচ। অভিষেকেই গোলের দেখা পেয়েছেন ওয়েলসের এই মিডফিল্ডার। ২১ মিনিটে ক্যানির গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৩৯ মিনিটের মাথায় রিয়ালকে সমতায় ফেরান বেল। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৬৪ মিনিটে স্কোরলাইন ২-১ করে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। মাত্র ছয় মিনিট পরই ভিয়ারিয়ালকে সমতায় ফেরান দস সান্তোস। ম্যাচের বাকি সময়ে এগিয়ে যাওয়ার চেষ্টার কমতি রাখেনি রিয়াল। তবে প্রাপ্তি শুধুই হতাশা।
সেভিয়ার বিপক্ষে বার্সার ম্যাচটা ঠিক বার্সাসুলভ হয়নি। স্প্যানিশ চ্যাম্পিয়নরা তো ড্র করতেই বসেছিল! ভাগ্যিস অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গোল করেছিলেন অ্যালেক্সিস সানচেজ। না হলে বার্সার পরিণতি হতো রিয়ালের মতোই।
মেসি-নেইমারকে দিয়েই দলের আক্রমণভাগটা সাজিয়েছিলেন কোচ জেরার্ডো মার্টিনো। তবে তাঁদের কেউ নেন, বার্সাকে এগিয়ে দেন দানি আলভেজ। তখন ৩৬ মিনিটের খেলা চলছে। আদ্রিয়ানোর দারুণ একটা ক্রস হেড করে সেভিয়ার জালের ডান কোনা দিয়ে জড়িয়ে দেন আলভেজ। এর চার মিনিট আগেই অবশ্য ভালো সুযোগ পেয়েছিলেন মেসি। তবে সেটা গোল পোস্টের কয়েক ইঞ্চি পাশ দিয়ে বেরিয়ে যায়।

আলভেজ বার্সাকে এগিয়ে দেওয়ার পর গোলের দেখা মিলছিল না কিছুতেই। শেষ পর্যন্ত গোলের দেখা মেলে ৭৫ মিনিটে গিয়ে। নেইমারের ক্রস থেকে গোল করেন মেসি। স্কোরলাইন দাঁড়ায় ২-০। এর তিন মিনিট আগেও গোলের সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর। তবে তাঁর শট লক্ষ্যভেদ করতে পারেনি, বল চলে যায় মাত্র কয়েক ইঞ্চি ওপর দিয়ে। মনে হচ্ছিল, হেসেখেলেই জিততে চলেছে বার্সা। কিন্তু হঠাত্ই খেলায় উত্তেজনা আনে সেভিয়া। ৮০ মিনিটে ইভান রাকিটিক ও ৯০ মিনিটে কোকের গোলে স্কোরলাইন হয়ে যায় ২-২! ততক্ষণে ন্যু ক্যাম্পের গ্যালারিজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সেই শোক উত্সবে রূপ নেয় ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। সেভিয়ার হূদয় চূর্ণ করে গোল করে বসেন সানচেজ। মেসির ক্রস থেকে বল পেয়েছিলেন সানজেস। তাতেই বাজিমাত!
গত রাতের জয়ের মাধ্যমে ৪ ম্যাচে বার্সার অর্জন ১২ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। ভিয়ারিয়াল ও রিয়াল উভয় দলের অর্জন ১০ পয়েন্ট। তবে গোল ব্যবধানে রিয়ালের চেয়ে এগিয়ে ভিয়ারিয়াল। সূত্র: রয়টার্স।