বার্সার জাভির ৭০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাভি হার্নান্দেজ
জাভি হার্নান্দেজ

বাবা জোয়াকিমের হাত ধরে ১১ বছর বয়সে লা মাসিয়াতে পা রেখেছিল ছেলেটা। বার্সেলোনার যুব একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে যদি কখনো মূল দলে সুযোগ পাওয়া যায়! এটা ১৯৯১ সালের ঘটনা।
এর প্রায় ২৩ বছর পর গত বৃহস্পতিবার সেই ছেলেটাকেই দেখা গেল গেটাফের বিপক্ষে কোপা ডেল রের ম্যাচে। বার্সেলোনার জার্সি গায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড হয়ে গিয়েছিল অনেক দিন আগেই। লা মাসিয়ার দুরু দুরু বুকের এক কিশোর থেকে আগাগোড়া পরিণত ফুটবলার হয়ে ওঠা জাভি হার্নান্দেজ সেদিন খেলেছেন ক্লাবের হয়ে ৭০০তম ম্যাচ! এটি এমন এক মাইলফলক যা বার্সেলোনার ১১৪ বছরের ইতিহাসে ছুঁতে পারেননি আর কোনো ফুটবলার। বার্সেলোনার চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপার তিনটিতেই দলের অংশ ছিলেন, জিতেছেন সাতটি
লা লিগা শিরোপা। ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে বাকি অসংখ্য অর্জনের কথা না হয় বাদই থাকল।
এমন একজনকে নিয়ে তাঁর সহ-খেলোয়াড়দের গর্বিত, উচ্ছ্বসিত হওয়াটাই স্বাভাবিক। সেই উচ্ছ্বাস প্রকাশে কোনো কার্পণ্য নেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিরও, ‘ও এমন বিরল একজন ফুটবলার যে সবকিছুই খুব সহজ করে দেয়। সে-ই পুরো দলটাকে খেলায়।’ গর্বিত বার্সেলোনার মাঝমাঠের আরেক হূৎপিণ্ড আন্দ্রেস ইনিয়েস্তাও, ‘ফুটবলীয় বিচারে সে অনন্য সাধারণ। ও খেলাটা আগেই বুঝতে পারে।’
লা মাসিয়ায় যোগ দেওয়ার বছর সাতেক পরে ১৯৯৮ সালের আগস্টে মায়োর্কার বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক জাভির। ওই মৌসুমে দলের হয়ে মাত্র ২৬ ম্যাচ খেলেই পেয়েছিলেন লা লিগার মৌসুম-সেরা উদীয়মান ফুটবলারের স্বীকৃতি। তবে বার্সেলোনার প্রাণভোমরা হয়ে ওঠেন আরও কিছুদিন পরে, পেপ গার্দিওলার চোটের কারণে ছিটকে পড়লে মাঝ মাঠের মূল দায়িত্বটা সঁপে দেওয়া হয় তাঁকে। সেই থেকে আজ পর্যন্ত দায়িত্বটা কতটা নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন, বার্সার সাফল্য আর জাভির স্বীকৃতিই তার প্রমাণ। যদিও সাফল্যের এইটা পথটা পুরো মসৃণ ছিল না বলে স্বীকার করেছেন জাভির সবচেয়ে দীর্ঘ সময়ের সতীর্থ কার্লোস পুয়োল, ‘মাঝে আমরা লিগ শিরোপাহীন কঠিন পাঁচটি বছর কাটিয়েছি। তখন আমরা নিজেদের সাহস দিতাম, বার্সার মতো ক্লাব শিরোপা ছাড়া বেশি দিন থাকতে পারে না। সৌভাগ্যক্রমে সে পরিস্থিতি বদলে গেল এবং আমরা আবারও শিরোপা জিতলাম। জাভি আমাদের ক্লাবের এবং স্পেনের জন্যও খুব গুরুত্বপূর্ণ ফুটবলার।’ সাত শতে থেমে না থেকে তাই ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার আরও অনেক দূর যাবেন বলেই প্রত্যাশা পুয়োলের, ‘আমি তো ক্লাবের হয়ে ওর এক হাজার ম্যাচ না হওয়ার কোনো কারণ দেখি না।’
এই প্রত্যাশা শুধু পুয়োলের নয়, হয়তো বার্সেলোনার বাকি সব খেলোয়াড়, কোচ আর সমর্থকদেরও। রয়টার্স।
বার্সার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ
ক্যারিয়ার ম্যাচ
জাভি হার্নান্দেজ ১৯৯৮- ৭০০
কার্লোস পুয়োল ১৯৯৯- ৫৮৯
মিগুয়েলি ১৯৭৩-৮৯ ৫৪৯
ভিক্টর ভালদেস ২০০২- ৫২২
আন্দ্রেস ইনিয়েস্তা ২০০২- ৪৮৩