বার্সার জয়, তবু আশা দেখছেন না গার্দিওলা
জাভি হার্নান্দেজ ও লিওনেল মেসির গোলে গতকাল শনিবার রাতে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।সেভিয়ার বিপক্ষে জয়ের ফলে লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল বার্সা। শীর্ষে থাকা রিয়ালের চেয়ে এখন পর্যন্ত ৭ পয়েন্ট পিছিয়ে পেপ গার্দিওলার দল।খেলার মাত্র ১৮ মিনিটে বার্সাকে এগিয়ে দেন জাভি। এর কিছুক্ষণ পরেই লিগে নিজের ৩১তম গোলের দেখা পান মেসি। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি বার্সা।ম্যাচ শেষে স্প্যানিশ একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে বার্সার ডিফেন্ডার জেরার্ড পিকে বলেন, ‘প্রথমার্ধে আমরা খুবই ভালো খেলেছি এবং দুটি গোল করেছি। অবশ্য দ্বিতীয়ার্ধের চিত্রটা ভিন্ন ছিল। তবে আমরা আমাদের কাজ করতে পেরেছি। দেখা যাক, সামনের দিনগুলোতে কী হয়।’ তিনি বলেন, ‘অন্তত রিয়াল এটা জেনেছে যে, আমরা ওদের পেছনেই আছি এবং লড়াইয়ে আছি।’বার্সার ম্যানেজার গার্দিওলা অবশ্য এখনই এতটা আশার কথা শোনাতে রাজি নন। টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের সম্ভাবনার প্রশ্নে গার্দিওলার জবাব, ‘লিগ সম্পর্কে আপনাদের ভুলে যাওয়া উচিত। আমরা এবার শিরোপা জিতব না। অন্য দল আমাদের চেয়ে ভালো করেছে।’ রয়টার্স।