বার্সার জয়, রিয়ালের হার
ঠিক বিপরীত অভিজ্ঞতার একটি রাত কাটল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। লিওনেল মেসির জোড়া গোলে গতকাল ওসাসুনাকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সা। আর গেটাফের কাছে ২-১ গোলে হেরেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। বৈপরীত্য আরও আছে। ওসাসুনার বিপক্ষে ম্যাচে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে বার্সা। আর প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত গেটাফের কাছে হার মানতে হয়েছে রিয়ালকে। গতকালের ম্যাচের পর দুই দলের পয়েন্টের ব্যবধানটাও বাড়ল। লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সা এখন রিয়ালের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে। গেটাফের কাছে রিয়ালের পরাজয় নিছকই একটা হার নয়। এর মধ্য দিয়ে থেমে গেছে লিগে রিয়ালের টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার দুরন্ত যাত্রা। খেলার ২৭ মিনিটে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন। প্রথমার্ধে গোল বলতে এই একটিই। খেলার ৫৩ মিনিটে গেটাফেকে সমতায় ফেরান হুয়ান ভ্যালেরা। ৭৫ মিনিটে গোল করে স্কোরলাইন ২-১ করেন আবদেল। এই গোলই শেষ পর্যন্ত গেটাফের জয়ের সূচক হয়ে থাকে।ওসাসুনার বিপক্ষে শুরুটা ভালো ছিল না বার্সার। খেলার ১৭ মিনিটে গোল করে বার্সাকে পেছনে ফেলেন ওসাসুনার জোসেভা লরেন্তে। প্রথমার্ধের বাকি সময় তো বটেই, দ্বিতীয়ার্ধেরও বেশির ভাগ সময় গোলের দেখা মেলেনি। খেলার শেষের দিকে নিজের সামর্থ্যটা দেখিয়ে দেন লিওনেল মেসি। চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন বার্সার এই সুপারস্টার। প্রথমটি আসে ৭৬ মিনিটে এবং দ্বিতীয়টি ৮০ মিনিটে। অনেকটা নাটকীয়ভাবেই ম্যাচ হয়ে যায় বার্সার। রয়টার্স।