বার্সার জয়, গোলহীন মেসি

লিওনেল মেসির গোলখরা কাটছে না। তাতে অবশ্য জয় আটকায়নি বার্সেলোনার। অ্যালেক্সিস সানচেজের গোলে গত রাতে এসপানিওলকে ১-০-তে হারায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
ম্যাচের বেশির ভাগ নিয়ন্ত্রণ ছিল বার্সার দখলে। তবে গোলের সুযোগ ততটা তৈরি হয়নি। এসপানিওলের সুশৃঙ্খল রক্ষণভাগের সামনে কেবল হতাশাই প্রকাশ করেন মেসি-নেইমাররা। ম্যাচের একমাত্র গোলটির দেখা মেলে ৬৮ মিনিটে গিয়ে। এসপানিওলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে সানচেজকে দারুণ এক পাস দিয়েছিলেন নেইমার। ডান পায়ের আলতো ছোঁয়ায় বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দিতে বিন্দুমাত্র ভুল করেননি ২৪ বছর বয়সী সানচেজ।
ম্যাচের সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো পুরো ৯০ মিনিট খেলেও মেসির গোল না পাওয়া। লা লিগায় এ নিয়ে টানা চার ম্যাচে গোলবঞ্চিত রইলেন আর্জেন্টাইন জাদুকর। গত ছয় বছরের মধ্যে এমন বাজে অভিজ্ঞতা হয়নি বর্তমান সময়ের সেরা এই ফুটবলারের।
একের পর এক জয় পেলেও ‘আবর্তন নীতি’র কারণে কিছুটা সমালোচনা শুনতে হচ্ছে জোরার্ডো ‘টাটা’ মার্টিনোকে। তবে দল নির্বাচনে নিজের পদ্ধতিতেই অবশ্য এগিয়ে চলেছেন তিনি। আগের ম্যাচে সেল্টা ভিগোকে হেসেখেলে ৩-০ গোলে হারালেও গত রাতে ছয়টি পরিবর্তন নিয়ে একাদশ সাজান বার্সা কোচ। জেরার্ড পিকে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দলে ফেরেন। তবে জায়গা পাননি কার্লোস পুয়োল।
কষ্টার্জিত এক জয়ের পর সানচেজের প্রতিক্রিয়া, ‘ম্যাচটা আমাদের জন্য খুব কঠিন ছিল। শারীরিকভাবেও খুব পরিশ্রম করতে হয়েছে। শেষ পর্যন্ত পুরো তিন পয়েন্ট পেয়েছি, এটাই স্বস্তির। গোল করতে পেরে আমি সন্তুষ্ট। সঠিক জায়গাতেই ছিলাম আমি।’
চাপে থাকার কথা স্বীকার করেছেন আন্দ্রেস ইনিয়েস্তাও, ‘ওদের পরিকল্পনা ছিল আমাদের জায়গা না দেওয়া। আমাদের কাজটা কঠিন করে ফেলা। আমরা যতটা সম্ভব জায়গা বের করার চেষ্টা করেছি। সুযোগ তৈরির চেষ্টা করেছি।’ মেসির জ্বলে উঠতে না পারার সঙ্গে অবশ্য বার্সার কষ্টার্জিত জয়ের যোগসূত্র মানতে নারাজ স্প্যানিশ এই প্লেমেকার, ‘আমি মনে করি না, কেবল একজন খেলোয়াড়ের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব। সবাই যখন ভালো খেলবে, দল ভালো করবে। আমরা যখন খারাপ করব, দল ভালো করবে না। এটাই বাস্তবতা। আসল কথা হলো, আরও উন্নতি করতে হবে আমাদের।’
এসপানিওলের বিপক্ষে জয়ের সুবাদে ঘরের মাঠে টানা ২১টি লিগ ম্যাচ জিতল বার্সেলোনা। এবারের আসরে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মার্টিনোর দল। এখন পর্যন্ত কেবল একটি ম্যাচে জয়হীন থেকেছে বার্সা। ১৯ অক্টোবর ওসাসুনার বিপক্ষে ওই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বিতীয় স্থানে রয়েছে। সমানসংখ্যক ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান দ্বিতীয়।
চোটের সমস্যার কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে কাটান মেসি। এর ওপর রয়েছেন গোলখরায়। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দেওয়া যার নিত্যনৈমিত্তিক ব্যাপার, সেই মেসি আগের মতো জ্বলে উঠতে পারছেন না। ফিটনেস সমস্যা তো আছেই, হতে পারে এর কারণ কোচের ‘আবর্তন নীতি’। মার্টিনো দায়িত্ব নেওয়ার পর থেকে স্বাধীনভাবে খেলতে পারছেন না তিনি। তাঁকে খেলতে হচ্ছে বিভিন্ন পজিশনে। লিগে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা ৮। ১২ গোল নিয়ে সবার ওপরে অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড ডিয়েগো কস্তা। কস্তার চেয়ে এক গোল কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রিয়ালের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স।