বার্সার জয় ছাপিয়ে কার্ডিফের অঘটন
চোটের কারণে মেসি নেই। তার পরও জেরার্ডো মার্টিনো নেইমারকে বসিয়ে রাখলেন বেঞ্চেই। মেসির জায়গায় শুরুর একাদশে খেলালেন সেস ফ্যাব্রিগাসকে। তাতে অবশ্য বার্সেলোনার জয় আটকায়নি। পরশু মালাগার মাঠ থেকে ফিরেছে কষ্টার্জিত এক জয় (১-০) নিয়ে। ৪৪ মিনিটে একমাত্র গোলটি করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার আদ্রিয়ানো। ম্যাচ শেষে মার্টিনো একে বলেছেন, ‘ভাগ্যপ্রসূত জয়।’৬৩ মিনিটে পেদ্রোর বদলি হিসেবে নেমে নেইমার ব্যবধানটা দ্বিগুণ করে ফেলছিলেন প্রায়। কিন্তু তাঁর দুর্দান্ত ফ্রি-কিকটি অসাধারণ নৈপুণ্যে রুখে দেন কাবালেরো। পরশু ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে বড় ঘটনাটি ঘটিয়েছে কার্ডিফ সিটি। ৫১ বছর পর নিজেদের মাঠে শীর্ষ লিগের ম্যাচ খেলতে নামাটাই কার্ডিফ সিটির কাছে ছিল মধুচন্দ্রিমার মতো। এই আনন্দ আরও বেড়েছে দৈত্য ম্যানচেস্টার সিটিকে বধ করে। কোটি কোটি ডলারে গড়া তারকাখচিত ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে দলবদলে মাত্র তিন কোটি ২৬ লাখ ইউরো খরচা করা কার্ডিফ। ওয়েলসের ক্লাবটি যেন উড়ছে। কোচ মালকি ম্যাকাই বলেছেন, ‘ক্লাবের প্রত্যেকেই দীর্ঘদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিল। কী দিনই না ছিল এটা!’ এএফপি।