বার্সার জয় বিতর্কিত পেনাল্টিতে
এবার ভাগ্যের জোরেই জয় পেল বার্সেলোনা। শনিবার রাতে অনুষ্ঠিত খেলায় পেপ গার্দিওলার শিষ্যরা কষ্টের জয় পেয়েছে লেভেন্তের বিপক্ষে। ৭২ মিনিটে হঠাত্ করেই পাওয়া পেনাল্টি থেকে কাতালানদের জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। এর আগে অবশ্য ৬৪ মিনিটে এই মেসিই গোল করে ম্যাচে ফেরান বার্সেলোনাকে।আগামী সপ্তাহের ‘এল ক্লাসিকো’ ও চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে ম্যাচের আগে লেভেন্তের বিপক্ষে এই ‘স্বস্তি’র জয় আনন্দ দিচ্ছে বার্সেলোনার কোচ পেপ গার্দিওলাকে। তবে তিনি নিজেও নিশ্চিত নন, ৭২ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে যে গোলটি মেসি করলেন, তা আদৌ রেফারির সঠিক সিদ্ধান্ত ছিল কি না। তবে শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেই নিজেকে নিশ্চিন্ত মনে করছেন এই কোচ।ম্যাচের ২৩ মিনিটে অবশ্য পিছিয়ে পড়ে বার্সেলোনা। হোসে বারকারো এগিয়ে দেন লেভেন্তেকে। খেলার ধারার বিপরীতেই বলা যায় বারকারোর এই গোলটি। কারণ, ম্যাচের শুরুটাই দারুণ প্রত্যয়দীপ্ত ছিল বার্সেলোনার। নিজেদের মধ্যে বল আদান-প্রদান করে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ারই ক্ষেত্র তৈরি করছিল তারা। খেলার ১০ মিনিটের মাথাতেই এগিয়ে যেতে পারত তারা। আলেক্সিজ সানচেজের ক্রসে গোলপোস্টের খুব সামনে থেকে থিয়াগো আলসানতারার আলতো হেড হয় লক্ষ্যভ্রষ্ট। এর নয় মিনিট পরে আরও একটি সুযোগ নষ্ট করেন তরুণ মিডফিল্ডার থিয়াগো। মেসির ফ্রি-কিক থেকে প্রতিপক্ষের মার্কারকে ফাঁকি দিয়ে যে শটটি নেন, তা সোজা গিয়ে পড়ে লেভেন্তের গোলরক্ষক গুস্তাভো মুনউয়ার কাছে। ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় লেভেন্তে। বারকারোর কর্নার থেকে আসা একটি বল বক্সের মধ্যে সার্জিও বুসকেটের হাতের ছোঁয়া পায়। ব্যাপারটি দৃষ্টি এড়ায়নি রেফারির। প্রাপ্ত পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করেন বারকারো। খেলার ৩৮ মিনিটে আরও এক গোলে এগিয়ে যেতে পারত লেভেন্তে। বক্সের মধ্যে একেবারে ফাঁকায় বল পেয়ে যান পেদ্রো লোপেজ। কিন্তু তাঁর শট চলে যায় পোস্টের অনেক বাইরে দিয়ে।খেলার ৬৪ মিনিটে দারুণ এক গোলে বার্সেলোনাকে খেলায় ফেরান লিওনেল মেসি। আলেক্সিজের সঙ্গে চতুরতার সঙ্গে একটি ওয়ান-টু খেলে দারুণ এক বাঁকানো শটে গোল করেন তিনি। এটি ছিল লা লিগায় মেসির টানা দশম গোল। খেলার ৭৩ মিনিটে সেই বিতর্কিত পেনাল্টি পায় বার্সেলোনা। ইসাক কুয়েনকা ও পেদ্রো বোতেলহোর মধ্যে বল দখলের লড়াইয়ে নিজের পতাকা তুলে পেনাল্টির ইঙ্গিত দেন সহকারী রেফারি। সেই পেনাল্টি থেকে নিজের টানা একাদশ ও লা লিগার ৪১তম গোলটি করেন মেসি।ম্যাচ শেষে বিতর্কিত পেনাল্টির কথা নিজেই স্বীকার করেছেন কোচ গার্দিওলা। তিনি বলেছেন, ‘পেনাল্টিটি ছিল ৫০:৫০। দেওয়া না-দেওয়া রেফারির ওপরই ছিল। তবে শেষ পর্যন্ত সেই পেনাল্টি আমাদের পক্ষে এসেছে এবং তা থেকে মেসি গোল করে আমাদের পূর্ণ পয়েন্ট এনে দিয়েছে। আমরা এখন মাথা উঁচু করেই লন্ডনে যাব। এরপরেই তো মাদ্রিদে আমাদের “এল ক্ল্যাসিকো”।’ রয়টার্স।