বার্সার জয়রথ থামাল গিজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগে বার্সেলোনার অপ্রতিরোধ্য জয়ের রথ থামিয়ে দিল পুঁচকে ‘স্পোর্টিং গিজন’। নিজেদের মাঠে পরশু ডেভিড ভিয়ার বার্সেলোনাকে ১-১ গোলে রুখে দিল তাঁর শৈশবের ক্লাবটি। আগের ম্যাচেই রিয়াল মাদ্রিদের আধা শতাব্দী পুরোনো টানা জয়ের রেকর্ড ভেঙেছে বার্সেলোনা। পরশু টানা জয় ১৬ থেকে ১৭ করার প্রত্যয় নিয়েই তারা গিয়েছিল গিজনের মাঠে। কিন্তু প্রত্যয়ী গিজন বার্সেলোনার কাছে হার মানেনি। ম্যাচের শুরুতে গিজনই খেলেছে ভালো। ১৬ মিনিটে বারালের গোলে প্রথমে এগিয়েও যায় তারা।এ মৌসুমে বার্সেলোনার যে খেলার ধারা, তাতে দেখা যায় প্রথমে পিছিয়ে পড়লে ম্যাচে ফেরাটা তাদের জন্য কষ্টকর হয়ে ওঠে। এ ম্যাচেও ঘাম ঝরিয়ে ফেরে তারা সমতায়। ৭৯ মিনিটে ডেভিড ভিয়ার দুর্দান্ত এক চিপে আসে সমতা। গোলের কোনো উদ্যাপন অবশ্য করেননি ভিয়া। নিজের শহরের এই ক্লাবেই যে তাঁর ফুটবলের প্রথম পাঠ। শীর্ষস্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ২ পয়েন্ট খোয়ানোয় রিয়াল মাদ্রিদের একটু সুবিধা হলো। কাল এসপানিওলের সঙ্গে জিতে থাকলে বার্সার সঙ্গে তাদের ব্যবধান সাত থেকে কমে দাঁড়িয়েছে পাঁচে।ইতালিয়ান সিরি ‘আ’তে পরপর দুই ম্যাচ ড্রর পর জয় পেয়েছে এসি মিলান। রবিনহো (২টি), ক্লারেন্স সিডর্ফ, আন্তোনিও কাসানোর গোলে পার্মাকে ৪-০-তে উড়িয়ে দিয়েছে তারা। এএফপি।