বার্সার জয়ের ধারা অব্যাহত

নিজেদের মাঠে টানা উনিশতম জয় তুলে নিল বার্সেলোনা। আলেক্সিজ সানচেজের দুই গোল আর নেইমার ও জাভির গোলে ভালাদোলিদকে ৪-১ গোলে হারিয়ে এবারের লা লিগার অষ্টম ম্যাচে জয়ের শতভাগ রেকর্ড অক্ষুণ্ন রাখল কাতালানরা।
লিওনেল মেসিবিহীন বার্সেলোনা খেলার দশম মিনিটে অবশ্য গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। কিন্তু ১৪ মিনিটে সানচেজের গোলে সমতায় ফেরে বার্সা। ৫২ মিনিটে জাভি, ৬৪ মিনিটে আবারও সানচেজ এবং ৭০ মিনিটে নেইমার গোল করলে সহজ এক জয় নিয়েই মাঠ ছাড়ে জেরার্ডো মার্টিনোর ছেলেরা।
খেলার প্রধমার্ধে ভালাদোলিদ বার্সেলোনাকে কিছুটা চাপে রাখলেও দ্বিতীয়ার্ধের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। জাভি, নেইমার, সানচেজ নিজেদের শতভাগ নৈপুণ্যে কাল একেবারেই বুঝতে দেননি মেসির অনুপস্থিতি।
সেল্টিকের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে কাল পরিবর্তন এসেছিল তিনটি। সার্জিও বুসকেটস, পেদ্রো আর ইনিয়েস্তার বদলে কাল খেলেছেন অ্যালেক্স সং, আলেক্সিজ সানচেজ আর ক্রিস্টিয়ান তেল্লো।
খেলার দশম মিনিটে সবাইকে অবাক করে দিয়ে ১-০ গোলে এগিয়ে যায় ভালাদোলিদ। প্যাট্রিক এবার্টসের কর্নার থেকে জাভি গুয়েরা দারুণ এক হেডে গোল করে ন্যু ক্যাম্পের দর্শকদের হতবাক করে দেন। ভালাদোলিদের গোলটির জবাব দিতে অবশ্য একেবারেই দেরি করেনি বার্সেলোনা। ১৪তম মিনিটেই খেলায় সমতা ফিরিয়ে আনেন সানচেজ। ৩০ মিনিটের সময় অবশ্য বার্সেলোনা একটি পেনাল্টি পেতে পারত। ভালাদোলিদের রক্ষণভাগের খেলোয়াড় কার্লোস পেনা বক্সের মধ্যে নেইমারকে ফেলে দিলে পেনাল্টির দাবি জানিয়েছিল বার্সা। কিন্তু রেফারি সেই দাবিতে কর্ণপাত করেননি। এর পরও অবশ্য প্রধমার্ধেই আরও দুটি গোল পেতে পারত বার্সেলোনা। কিন্তু সানচেজের শট একবার সাইডবার ঘেঁষে বেরিয়ে যায়, পরেরবার জাভির ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জাভির করা গোলে ২-১-এ এগিয়ে যায় বার্সেলোনা। এই গোলে দারুণ ভূমিকা রাখেন নেইমার। তেল্লোর কাছ থেকে বল পেয়ে ভালাদোলিদের রক্ষণে দারুণ এক ক্রস ঠেলেন ব্রাজিলীয় এই ফরোয়ার্ড। সেই ক্রস ধরে মাটি ঘেঁষা শটে ভালাদোলিদের জালে বল পাঠান জাভি। এর কয়েক মুহূর্ত পর তেল্লোর মাধ্যমে আরও এগিয়ে যেতে পারত বার্সেলোনা। কিন্তু তেল্লোর সামনে বাধা হয়ে দাঁড়ায় ভালাদোলিদের ক্রসবার।
৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পান সানচেজ। বার্সা এগিয়ে যায় ৩-১ গোলে। এবারও নেপথ্যে ছিলেন নেইমার। ব্রাজিলীয় ফরোয়ার্ডের বাড়ানো চমত্কার থ্রু ধরে তা জালে পাঠান সানচেজ। ছয় মিনিট পর স্কোরলাইনে নাম তোলেন নেইমার। এবার সানচেজ নেন বল জোগানদাতার ভূমিকা। বক্সের মধ্যে বল পেয়ে সানচেজ পোস্টে না মেরে তা আড়াআড়িভাবে নেইমারের দিকে ঠেলে দেন। গোলপোস্টের কাছে দাঁড়িয়ে নেইমারের বল জালে পাঠাতে একেবারেই বেগ পেতে হয়নি। সূত্র: রয়টার্স।