‘মিডিয়ার সৃষ্টি’ কথাটা একসময় খুব আলোচিত ছিল। কথাটা সম্প্রতি তিনি আলোচনায় আনলেন অপ্রত্যাশিতভাবে। লিওনেল মেসির দাবি, মেসি-রোনালদো ‘কল্পিত’ দ্বৈরথ মিডিয়ার সৃষ্টি! তাতে বাস্তবতার সামান্য ছোঁয়াটুকুও নেই। কোলের শিশুও মেসির কথা বিশ্বাস করবে বলে মনে হয় না। মেসি নিজে বিশ্বাস করেন তো? না হলে কেন গত এল ক্লাসিকোতে হাতে হাত মেলালেন না ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে!দুজন দুজনকে নিয়ত চ্যালেঞ্জ ছুড়ে দেন বলেই স্প্যানিশ লিগ এত রোমাঞ্চকর। দুজন দুজনের সঙ্গে পাল্লা দিয়ে গোল করেন বলেই স্প্যানিশ লিগ এনে দেয় চোখের প্রশান্তি। রোনালদো দুর্দান্ত ফ্লিক করে জেরার্ড পিকেকে বোকা বানিয়ে অন্য দিকে টেনে এনে যদি গোল করতে জানেন, মেসিও ৩২ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে সেটার পাল্টা জবাবও দেন।মেসি-রোনালদোর এই লড়াইয়ে পরশু অবশ্য রোনালদোই জিতলেন। ম্যাচের শুরু থেকে পুরো ফিট মনে হচ্ছিল না তাঁকে। পায়ে বিশেষ পট্টি বেঁধেও খেলেছেন। কিন্তু আধা ফিট রোনালদোও জোড়া গোল করতে পারেন। এই দুটি গোল দিয়েই রিয়ালের হয়ে ১৪৯ ম্যাচে ১৫০তম গোল পূর্ণ করে ফেললেন। অন্যদিকে মেসির রাতটা কাটল নিষ্ফলা। রিয়াল-বার্সা অবশ্য অভিন্ন পথে হাঁটল। জিতেছে দুই দলই। লিগে প্রথম দুই ম্যাচে হোঁচট খাওয়ার পর রিয়ালের এটি প্রথম জয়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সা জিতল ঘাম ঝরিয়ে। প্রথম ম্যাচে রিয়ালকে তাদের মাঠেই আটকে দিয়েছিল ভ্যালেন্সিয়া। ফলে ঘাম ঝরিয়েও পুরো ৩ পয়েন্ট পাওয়ায় বার্সার কোনো খেদ নেই। তার ওপর এই ম্যাচে ‘নিষিদ্ধ’ কোচ টিটো ভিলানোভাকে দেখতে হয়েছিল গ্যালারিতে বসে।২৬ মিনিটে প্রথম গোলটি করেন রোনালদো, ঠিক ২৬ মিনিট পর দ্বিতীয় গোল। জোড়া গোলের পরও কেমন যেন নিষপ্রাণ দেখাচ্ছিল তাঁকে। গোল উদ্যাপনও সেভাবে করেননি। ৬৫ মিনিটে তাঁকে তুলে নেন মরিনহো। বদলি হিসেবে নামা গঞ্জালো হিগুয়েইন ৭৬ মিনিটে এনে দেন দলের তৃতীয় গোল। পরের ম্যাচে বার্সা জিতেছে আদ্রিয়ানোর একমাত্র গোলে। সুপার কাপের ফিরতি লেগে দলকে বিপদের মধ্যে রেখে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন এই ফুলব্যাক। তারই যেন প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন এই ম্যাচে। ২৩ মিনিটে জাত স্ট্রাইকারের মতো বার্সাকে এগিয়ে দেন। সেস ফ্যাব্রিগাস সহজ দুটি সুযোগ নষ্ট না করলে ব্যবধান বড়ই হতে পারত। যদিও ভ্যালেন্সিয়াও ক্ষণে ক্ষণে চেপে বসেছে। অফসাইডের খাঁড়ায় একটা গোল বাতিলও হয়ে গেছে তাদের। শেষ কয়েক মিনিটে বার্সা রক্ষণকে ত্রস্ত করে রেখেছিল ভ্যালেন্সিয়া। এই ম্যাচের পর মরিনহো-ভিলানোভা দুই কোচকেই পাওয়া গেল একই বিন্দুতে। দুজনই বললেন, দলের কাছ থেকে আরও ভালো খেলা চান। ৩-০ জয়ও তৃপ্ত করতে পারেনি মরিনহোকে। এএফপি, রয়টার্স।