বার্সার দুঃখমোচন, চেলসির অপেক্ষা
গত মৌসুমে ছয়-ছয়টি শিরোপা জেতা বার্সেলোনার রাজত্ব এবার ছোট হয়ে আসছিল ক্রমেই। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়াতেই নিশ্চিত হয়ে গেছে গতবার জেতা ছয় ট্রফির চারটি অন্তত হাত থেকে ছুটে গেছে। এই বেদনাহত বিক্ষত হূদয় নিয়েই পরশু ভিয়ারিয়ালের মাঠে খেলতে নেমেছিল পেপ গার্দিওলার দল। নিজেদের মাঠে ভিয়ারিয়াল সর্বশেষ ছয়টি ম্যাচই জিতেছে। তাই বার্সা সমর্থকদের মনে সিঁদুরে মেঘ জমেছিল, শেষে না লিগেও পা পিছলে যায়।সব শঙ্কা, সংশয় উড়িয়ে দিয়ে বার্সেলোনা জিতল ৪-১ গোলে। জোড়া গোল করেছেন মেসি, এই মৌসুমে গোলের সংখ্যা নিয়ে গেছেন ৪২-এ। সরাসরি ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেছেন জাভি। অন্য গোলটি বোজান কিরকিচের। এই জয়ে ৩৫ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৯০। কাল ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে ওসাসুনাকে ৩-২ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ ব্যবধানটা সেই একই রেখেছে। ৩৫ ম্যাচে ৮৯ পয়েন্ট রিয়ালের। জোড়া গোল করেছেন রোনালদো।ওদিকে ইতালিয়ান লিগে রোমা আর ইন্টার মিলানের ইঁদুর-দৌড় চলছেই। পরশু পার্মার বিপক্ষে ২-১ গোলে জিতে আবারও শীর্ষে উঠে গিয়েছিল রোমা (৩৬ ম্যাচে ৭৪ পয়েন্ট)। ট্রেবল জয়ের স্বপ্ন নিয়ে পথচলা ইন্টার (৩৫ ম্যাচে ৭৩ পয়েন্ট) কাল রাতে মুখোমুখি হয়েছিল লািসওর।শিরোপার লড়াই থেকে এসি মিলান ছিটকে গিয়েছিল আগেই। লিগে তাদের লড়াইটা ছিল চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার। পরশু রোনালদিনহোর গোলে ফিওরেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জিতে সেই জায়গাটা নিশ্চিত করেছে মিলান। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা কিংবা চ্যাম্পিয়ন লিগে জায়গা করে নেওয়ার লড়াই—দুটোই অমীমাংসিত। পরশু কার্লোস তেভেজ, ইমানুয়েল আদেবায়োর, ক্রেগ বেলামির গোলে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ওঠার লড়াইয়ে এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। এই লড়াইয়ে ছিটকে গেল ভিলা। এখন সিটির মূল প্রতিদ্বন্দ্বী টটেনহাম। পরশু বোল্টনের বিপক্ষে একমাত্র গোলে জেতা টটেনহামের সঙ্গে সিটির ম্যাচ আছে পরশু। এই ম্যাচটা একরকম ‘ফাইনাল’ হয়ে গেল। যারা জিতবে, চ্যাম্পিয়নস লিগে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনালের সঙ্গী হবে তারাই।শিরোপার লড়াইয়ে থাকা ম্যানইউ আর চেলসি গতকাল জয় পেয়েছে নিজেদের ম্যাচে। দিদিয়ের দ্রগবা আর ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলে লিভারপুলকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে চেলসি। পরের ম্যাচে নানির একমাত্র গোলে সান্ডারল্যান্ডকে হারিয়ে শিরোপা লড়াইটা শেষ ম্যাচে নিয়ে গেছে ম্যানইউ। পরশু নিজেদের ম্যাচ জিতে চাপটা রিয়ালের ওপর তুলে দিয়েছিল বার্সা। চ্যাম্পিয়নস লিগে ওমন একটা ধাক্কার পর এমন দুর্দান্ত পারফরম্যান্সে শিষ্যদের পিঠ চাপড়ে দিলেন গার্দিওলা, ‘আমরা দ্রুতই ছন্দ ফিরে পেয়েছি। শক্তিশালী একটা দলের বিপক্ষে দারুণ একটা ফলও পেয়েছি। রিয়াল এখনো আমাদের পিছু ছাড়ছে না। তাই এভাবে চলতে থাকলে শেষ ম্যাচ পর্যন্ত গড়াবে শিরোপার লড়াই।’মেসি-জাভিদের ব্যাপারে কোচের নতুন করে কিছুই বলার নেই। কিরকিচের ব্যাপারে প্রশংসা ঝরল গার্দিওলার কণ্ঠে। কিরকিচকে বার্সা বেচে দিচ্ছে ডেভিড ভিয়াকে কিনতে, এমন খবর যখন বাতাসে, কোচ বলছেন, ‘এখানে ওর (কিরকিচ) জন্য লম্বা একটা ক্যারিয়ারই অপেক্ষা করছে।’ এএফপি, রয়টার্স।