বার্সার দুশ্চিন্তার নাম রক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৬-এর বিশ্বকাপে ‘উইংলেস ওয়ান্ডার’ নামের এক বিস্ময় উপহার দিয়েছিলেন সাবেক ইংলিশ কোচ আলফ রামসে। বার্সেলোনা মনে হয় চিন্তাভাবনা করছে আরও বৈপ্লবিক কিছু করার। তারা উপহার দিতে চায় ‘ডিফেন্সলেস ওয়ান্ডার’! যে দল দু-দুজন মিডফিল্ডার দিয়ে সেন্টার ডিফেন্ডারের কাজ চালায়, যে দলের দুই ফুলব্যাক বেশির ভাগ সময় ওপরে উঠেই খেলেন, তত্ত্বগতভাবে আপনি বলতেই পারেন, এই দলের কোনো রক্ষণ নেই!আগের মৌসুমে বার্সার একের পর এক ফরোয়ার্ড ইনজুরিতে পড়েছিলেন। ডেভিড ভিয়া তো প্রায় পুরো মৌসুম মাঠের বাইরেই ছিলেন। লিওনেল মেসি একাই টেনেছেন দলকে। এবার ঘাতক ইনজুরির চোখ পড়েছে বার্সার রক্ষণে। আবিদাল তো অনেক দিন থেকেই নেই। একে একে ইনজুরি থাবা বাড়িয়েছে কার্লোস পুয়োল, জেরার্ড পিকে, দানি আলভেসের দিকে। সর্বশেষ যোগ হলেন আদ্রিয়ানো। রক্ষণের এই ‘ক্রনিক’ চোট সমস্যা সামলাতে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো ও অ্যালেক্স সংকে ডিফেন্ডার হিসেবে মাঝেমধ্যেই খেলানো হচ্ছে। মাচেরানো অবশ্য লিভারপুল থেকে বার্সায় আসার পর থেকেই এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। ‘পার্ট-টাইম’ ডিফেন্ডার থেকে এখন তাঁকে ‘ফুল-টাইমার’ই বলা যায়। সংয়ের জন্য অভিজ্ঞতাটা নতুন।এই মুহূর্তে বিশ্বের সেরা মিডফিল্ড বার্সার। আক্রমণ ভাগেও আছেন মেসির মতো খেলোয়াড়। ফলে ডিফেন্সের এই নাজুক অবস্থার পরও বার্সার দৃশ্যত কোনো সমস্যা হচ্ছে না। লিগে ১০ ম্যাচের নয়টিই তারা জিতেছে, অন্যটিও ড্র। জিতেছে কোপা ডেল রের প্রথম ম্যাচে। চ্যাম্পিয়নস লিগেও টানা তিন ম্যাচে জিতে দ্বিতীয় রাউন্ডে একরকম এক পা দিয়েই রেখেছে। আজ সেল্টিকের বিপক্ষে জিতলে পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে। তবে প্রশ্নটা উঠছেই, এমন জোড়াতালি রক্ষণ দিয়ে কি সাফল্য পাওয়া যাবে? লিগ শিরোপা কি উদ্ধার হবে? জেতা যাবে পঞ্চম ইউরোপিয়ান কাপ?অটুট রক্ষণ না থাকার ফলে এবার বেশ কয়েকটি ম্যাচেই বার্সা পিছিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত যদিও আক্রমণ ভাগ উদ্ধার করেছে। লিগে ওসাসুনা ও সেভিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছে বার্সা। এর মধ্যে সেভিয়ার ম্যাচে তারা উদ্ধার পেয়েছে ৮৯ মিনিট ও ৯৩ মিনিটের দুই গোলে। দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে হয়েছে ৫-৪ গোলে। এক ম্যাচে বার্সার জালে ৪ গোল শেষ কবে ঢুকেছিল, মনে করতে বেগই পেতে হয়। চ্যাম্পিয়নস লিগের তিন ম্যাচের দুটিতেই পিছিয়ে পড়ে জেতার অভিজ্ঞতা হয়েছে তাদের।পিছিয়ে পড়ে জেতায় দলের স্নায়ু শক্ত হচ্ছে বলে মন্তব্য করেছিলেন টিটো ভিলানোভা। বার্সার ম্যাচগুলো একতরফা হয়, এখন বার্সা নিজে গোল খেয়ে ম্যাচগুলো জমিয়ে তুলছে বলেই হাস্য-কৌতুক করেছেন কোচ। তবে এর আড়ালে রক্ষণ যে তাঁর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, এ নিয়ে সন্দেহ নেই। পুয়োল-পিকে ছাড়া দলে নির্ভরযোগ্য সেন্টার ডিফেন্ডার নেই। সেখানে এক কোটি ৯০ লাখ খরচ করে সংকে কিনে আনার যৌক্তিকতা আবারও প্রশ্নবিদ্ধ হচ্ছে।ভিলানোভার জন্য একটু স্বস্তি হয়ে আলভেস ফিরেছেন আগের ম্যাচে। আজ ফিরছেন পিকে। তবে রক্ষণ নিয়ে বার্সার দুশ্চিন্তা এতেই শেষ হচ্ছে কি না, সেটি বুঝতে আরেকটু অপেক্ষা করতেই হচ্ছে। রয়টার্স।