বার্সার দ্বিতীয় প্রস্তাবেও সান্তোসের না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমারের জন্য বার্সেলোনার আরও একটি প্রস্তাব প্রত্যাখ্যান করল তাঁর ব্রাজিলীয় ক্লাব সান্তোস। আসন্ন মৌসুমে নেইমারকে লিওনেল মেসিদের সতীর্থ করতে কাতালানদের পক্ষ থেকে সান্তোসকে ২০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সান্তোস তা মেনে নেয়নি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নেইমারের ব্যাপারে প্রস্তাব ফিরিয়ে দিল সান্তোস।এ ব্যাপারে সান্তাসের সহসভাপতি ওদিলিও রদ্রিগুয়েজ বলেন, ‘নেইমারের ব্যাপারে বার্সেলোনার প্রস্তাবটি আমরা খতিয়ে দেখেছি। কিন্তু, প্রস্তাবটি আমাদের মনঃপূত হয়নি। নেইমারের ব্যাপারে আমাদের প্রত্যাশা আরও বেশি। আমরা প্রস্তাবটি গ্রহণ করিনি।’এদিকে, বার্সেলোনার পাশাপাশি রিয়াল মাদ্রিদও নেইমারের ব্যাপারে আগ্রহী। তবে বিষয়টি এখনো প্রস্তাব আকারে সান্তোস পায়নি বলেই জানিয়েছেন রদ্রিগুয়েজ। তিনি বলেন, এই মুহূর্তে নেইমারের ব্যাপারে আমাদের কাছে একটি প্রস্তাবই আছে, আর সেটা হলো বার্সেলোনার। রিয়াল মাদ্রিদ এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি।এদিকে, সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৪ সালে। নেইমারের ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত না নিতে পারলে তাঁকে হয়তো আগামী বছর অনেক অল্প টাকায়ই কোনো ক্লাবের হাতে তুলে দিতে হতে পারে। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে নেইমারকে বিক্রি করে মোটা অঙ্কের টাকা কামানোর স্বপ্নটাও দুঃস্বপ্নে পরিণত হতে পারে সান্তোসের জন্য।