বার্সার নতুন কোচ এনরিকে?

আজ রাতে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এই ম্যাচ জিতলেই ষষ্ঠ বছরে পঞ্চম লিগ শিরোপা জিতবে বার্সা। প্রথম বছরেই বার্সাকে লিগ জেতাবেন কোচ জেরার্ডো মার্টিনো। কিন্তু তবুও কি বার্সার ডাগআউটে আগামী মৌসুমে দেখা যাবে আর্জেন্টাইন এই কোচকে? স্প্যানিশ মিডিয়ার গুঞ্জন, নতুন কোচ এরই মধ্যে ঠিক করে ফেলেছে বার্সা। ক্লাবের সাবেক খেলোয়াড়, এই মৌসুমে সেল্টা ভিগোকে নিয়ে নিয়ে চমক দেখানো লুইস এনরিকে হতে যাচ্ছেন বার্সার নতুন কান্ডারি।
সেই গুঞ্জন উসকে দিল আরেকটি খবর। সেল্টা ভিগোর দায়িত্ব ছেড়ে দিলেন এনরিকে। সেল্টা ভিগো খুব করে চাইছিল কোচ যেন থেকে যান। কিন্তু এনরিকে নিজেই থাকতে চাননি। নিশ্চয়ই বড় কোনো ক্লাবের প্রস্তাব পেয়েছেন। সেটা কি বার্সাই?
সেটা বার্সা বা এনরিকে কারও তরফেই নিশ্চিত করে বলা হয়নি। তবে সম্প্রতি বার্সার ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেত্তাকে এনরিকের বাড়িতে দেখা গেছে। সেখান থেকেই অনুমান করা হয়, চুক্তির ব্যাপারে আলোচনা করতেই হয়তো জুবিজারেত্তা-এনরিকের এই বৈঠক হয়েছে।
পাঁচ বছর রিয়াল মাদ্রিদে খেলে ১৯৯৬ সালে বার্সায় এসেছিলেন এনরিকে। আট বছর খেলেছেন এই ক্লাবের হয়ে। পেপ গার্দিওলা বার্সার ‘বি’ দলের দায়িত্ব থেকে মূল দলের দায়িত্বে আসার পর তরুণ দলটির দায়িত্ব এনরিকের কাঁধেই দেওয়া হয়েছিল। সেই দল নিয়ে সফলও হয়েছিলেন। ১১ বছর পর বার্সার ‘বি’ দলকে দ্বিতীয় বিভাগে তুলে আনেন এনরিকে। পরে এক মৌসুমে রোমার দায়িত্ব পালন করে গত বছর সেল্টা ভিগোর দায়িত্ব নেন। আগের ম্যাচে এই সেল্টা ভিগোর কাছেই ২-০ গোলে হেরে লিগ শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ে রিয়াল।
বার্সায় তিনি ফিরছেন কি না, এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি এনরিকে। তবে ইঙ্গিত দিয়েছেন বার্সেলোনা শহরে ফিরে আসার। বলেছেন, ‘শুধু একটা কারণে ক্লাব ছাড়ছি না, ক্লাব ছাড়ার একাধিক কারণ আছে। যেমন আমি বার্সেলোনায় আমার পরিবারকে রেখে এখানে কোচিং করাতে এসেছি। এটা আমার জন্য খুবই কঠিন। বার্সার কোচ হচ্ছি এই খবর আমি স্বীকার বা অস্বীকার কোনোটাই করব না। ভবিষ্যত্ নিয়ে এখনই কিছু বলার নেই।’