বার্সার নতুন শুরু

তিনি যে দায়িত্ব নিচ্ছেন, এটা একরকম ঠিকঠাকই হয়ে ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সেটাও এসে গেল গত পরশু। নতুন বার্সেলোনা কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ক্লাবেরই সাবেক অধিনায়ক লুইস এনরিকে। ৪৪ বছর বয়সী সাবেক এই বার্সা ফরোয়ার্ডের সঙ্গে দুই বছরের চুক্তি করার পাশাপাশি চুক্তি নবায়ন করা হয়েছে দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসির সঙ্গেও। বিদায়ী গোলরক্ষক ভিক্টর ভালদেসের জায়গা নিতে মুনশেনগ্লাডবাখ ছেড়ে আসছেন মার্ক-আন্দ্রে টের স্টেজেন। সব মিলিয়ে ব্যর্থ মৌসুম ভুলে গিয়ে যেন নতুন করে শুরু করার চেষ্টা বার্সেলোনায়।

বার্সেলোনার হয়ে ৩০০ ম্যাচে ১০৯ গোল করা এনরিকে পেশাদার কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন বার্সেলোনা ‘বি’ দলে পেপ গার্দিওলার উত্তরসূরি হিসেবে। নিজের দ্বিতীয় মৌসুমেই বার্সা ‘বি’ দলকে ১১ বছর পর তুলে নিয়ে যান স্পেনের দ্বিতীয় বিভাগে। সেখান থেকে রোমায় এক মৌসুম কাটানোর পর গত বছর দায়িত্ব নেন স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর। তাঁর অধীনেই গত আট বছরের মধ্যে লিগে সেরা অবস্থান (নবম) নিয়ে এবার মৌসুম শেষ করে সেল্টা ভিগো। তবে বার্সেলোনার হয়ে দীর্ঘদিন খেলা আর ‘বি’ দলকে কোচিং করানোর অভিজ্ঞতাই হয়তো তাঁকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় ছিল।
বার্সেলোনার এবারের ব্যর্থতার একটা অন্যতম কারণ ভাবা হয় মৌসুমের শেষ দিকে মেসির নিষ্প্রভ পারফরম্যান্সকে। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নের শর্ত নিয়ে মেসির বনিবনা হচ্ছে না—এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। তবে পরশু বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়েছে, আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সা। অঙ্কটা জানানো না হলেও স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, নতুন চুক্তিতে মেসির বার্ষিক বেতন হচ্ছে দুই কোটি ইউরো। যদি সেটা হয় তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে মেসিই হবেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনের ফুটবলার। এএফপি।