বার্সার নয়, শিরোপা অ্যাটলেটিকোর

১৮ বছর আগে, ১৯৯৫-৯৬ মৌসুমে সর্বশেষ লা লিগা জিতেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। সে দলে ছিলেন ডিয়েগো সিমিওনে। দেড় যুগ পর, ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে ড্র করে, পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে আবারও আরাধ্য শিরোপা উঠল অ্যাটলেটিকোর হাতে। এবারও দলে আছেন সিমিওনে, কেবল দায়িত্ব ভিন্ন, কোচ হিসেবে। সিমিওনে যেন সেই মহান জাদুকর, যার ছোঁয়ায় এ মৌসুমে বদলে গেছে অ্যাটলেটিকোর চেহারা। এ কারণেই বোধ হয় ইয়োহান ক্রুইফ কদিন আগে বলেছিলেন, ‘শিরোপাটা এবার অ্যাটলেটিকোরই প্রাপ্য’।
সমীকরণ বলছিল, আজ লা লিগার অলিখিত ‘ফাইনালে’ বার্সার বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো। হলোও তা-ই। ১-১ ড্র করেই চ্যাম্পিয়ন সিমিওনের দল। এ মৌসুমে অবশ্য এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছিল দুই দল। একটিতে জিতেছিল অ্যাটলেটিকো, বাকি চারবারই ড্র। অর্থাত্ বার্সার জয় ছিল না তাতে একটিতেও। ফলে পরিসংখ্যানও এগিয়ে রেখেছিল অ্যাটলেটিকোকে।
একদিন আগেও বার্সা সমর্থকদের মনে হয়েছিল, ভাগ্য এবার তাদের পক্ষেই। কেননা, ভাগ্যের জোরেই আজকের ম্যাচটি পরিণত হয়েছিল ফাইনালে। ম্যাচের প্রথমার্ধেও অন্তত তা-ই মনে হচ্ছিল। নইলে ১৪ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়বেন কেন সিমিওনের তুরুপের তাস ডিয়েগো কস্তা? কিংবা ২০ মিনিটে অন্যতম মূল ভরসা আরদা তুরান? ঠিক এর কয়েক মিনিট পরেই, ৩৩ মিনিটে অ্যাটলেটিকোর জালে বল জড়িয়ে ন্যু ক্যাম্পে আনন্দের ভেলায় ভাসালেন অ্যালেক্সিস সানচেজ।
ব্যস, তখনই চিত্রনাট্যে পরিবর্তন। ওই গোলটি বোধ হয় তাতিয়ে দিয়েছিল অ্যাটলেটিকোকে। এ কারণে প্রথমার্ধের শেষ দিকে আক্রমণাত্মক হয়ে ওঠে সিমিওনের শিষ্যরা। তবে কিছুটা দুর্ভাগ্য, ওই সময় ৪টি কর্নারের একটিও কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে স্পষ্ট হয় অ্যাটলেটিকোর তীব্র গোলক্ষুধা। ৪৯ মিনিটে অধিনায়ক গাবির কর্নার থেকে দারুণ হেডে সমতায় ফেরান ডিয়েগো গোদিন। এ কেবল সমতায় ফেরা নয়, শিরোপাতেও এক হাত দিয়ে রাখা। বাকি সময়টা জেরার্ডো মার্টিনোর দল চেষ্টা চালালেও সব ব্যর্থ! পুরো ম্যাচে যেন নিজের ছায়া হয়ে ছিলেন লিওনেল মেসি। তবে ৬৪ মিনিটে দারুণ এক ভলিতে বল জালে পাঠিয়েছেলেন মেসি। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
ন্যু ক্যাম্পকে শোকের সাগরে পরিণত করে শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠল অ্যাটলেটিকো। বেদনায় নীল হলেও যোগ্য দলকে করতালির মাধ্যমে স্বাগত জানাতে এতটুকু কৃপণতা করেনি ন্যু ক্যাম্পের দর্শক সমুদ্র! এ দিয়ে ১০বার লিগ শিরোপা জিতল অ্যাটলেটিকো। শিরোপা ৩২বার গিয়েছে রিয়ালের ঘরে আর ২২বার বার্সার দখলে। গত ১০ বছরে এই প্রথম বার্সা-রিয়ালের বাইরে কোনো দল জিতল লা লিগা শিরোপা। ২৪ মে লিসবনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়ালের বিপক্ষে টগবগে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে সিমিওনের শিষ্যরা।