বার্সার নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার ফিফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার প্রধান কার্যালয়। বার্সার ওয়েবসাইট থেকে নেওয়া।
বার্সেলোনার প্রধান কার্যালয়। বার্সার ওয়েবসাইট থেকে নেওয়া।

ভিক্টর ভালদেস, কার্লোস পুয়েল চলে যাচ্ছেন। চোটাক্রান্ত জেরার্ড পিকেও থাকতে পারছেন না নিয়মিত। রক্ষণভাগের দুর্বলতা কাটিয়ে উঠতে বার্সেলোনার আগামী মৌসুমে নতুন খেলোয়াড় কেনার কোনো বিকল্প নেই। কিন্তু সব গড়বড় হয়ে গিয়েছিল চলতি মাসের শুরুতে বার্সার ওপর দেওয়া ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞায়। বার্সার জন্য আপাতঃসুসংবাদ, ‘চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত’ নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার করে নিয়েছে ফিফা।
এ মাসের শুরুর দিকে ফিফা জানায়, দলবদলে অনিয়ম করায় দুটো ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় কিনতে বা বেচতে পারবে না বার্সা। শুধু তা-ই নয়, বার্সাকে সাড়ে চার লাখ সুইস ফ্রাঁ (তিন কোটি ৯৫ লাখ টাকা) জরিমানাও করে ফিফা। কাতালান ক্লাবটির অপরাধ হিসেবে বলা হয়েছিল, ১০ জন অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় (অনূর্ধ্ব-১৮) কেনার ক্ষেত্রে গুরুতর আইন লঙ্ঘন।
এ ঘটনার পর দ্রুতই আপিল করে বার্সা। আপিলের পরিপ্রেক্ষিতে ফিফা জানাল, মামলার জটিলতা, আপিলের পুরো প্রক্রিয়া, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে সম্ভাব্য আপিল—সব মিলিয়ে আসন্ন ট্রান্সফর উইন্ডোর আগে এর সমাধান সম্ভব নয়। এ কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহারই শ্রেয় মনে করেছে ফিফা। সে অর্থে জুলাইয়ে ট্রান্সফার উইন্ডোতে বার্সার খেলোয়াড় বেচা-কেনায় আপাতত বাধা থাকবে না। এএফপি, রয়টার্স