বার্সার পর অ্যাটলেটিকোও
টিভির পর্দায় নিশ্চয়ই চোখ রেখেছিলেন কার্লো আনচেলত্তি? আগের দিন বার্সেলোনা হেরেছে, পরের দিন অ্যাটলেটিকো মাদ্রিদ হারলেই তো তাদের সুবিধা! ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচের মনকে ছুঁয়েছে দারুণ এখন সুখের অনুভূতি। পরশু অ্যাটলেটিকো ৩-০ গোলে হেরেছে ওসাসুনার কাছে। বার্সা-অ্যাটলেটিকোর চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে রিয়াল। তবে সামনের সপ্তাহেই ব্যবধান কমানোর সুযোগ পাবে ডিয়েগো সিমিওনের দল। নিজেদের মাঠে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে আবার সমতায় দুই দল। কিন্তু দুটি দলের এখন যে ফর্ম, তাতে অ্যাটলেটিকো হারাতে পারবে রিয়ালকে? এএফপি।
পরশু ওসাসুনার সঙ্গে অ্যাটলেটিকোর সর্বনাশটা ঘটে যায় প্রথমার্ধেই। ৬ মিনিটেই আলভারো সেদুজোর গোলে এগিয়ে যায় ওসাসুনা। ২১ মিনিটে এমিলিয়ানো আরমেনতেরোস ব্যবধানটা বাড়ান। রবার্তো তোরেসের ৪২ মিনিটের গোলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি অ্যাটলেটিকো।
সিরি ‘আ’তে কার্লোস তেভেজের গোলে নগরপ্রতিদ্বন্দ্বী তুরিনোকে ন্যূনতম ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। সাম্পদোরিয়ার মাঠে গিয়ে ২-০ গোলের স্বস্তির জয় পেয়েছে এসি মিলান। গোলদাতা আদিল রামি ও আদেল তারাবত্।