বার্সার পরীক্ষা নিল গ্রানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচ। প্রতিপক্ষ দুর্বল গ্রানাডা। এ ম্যাচে আক্ষরিক অর্থেই বার্সেলোনার দুশ্চিন্তার কিছু ছিল না। তবে বাস্তবতা হলো, গতকাল শনিবার রাতে স্প্যানিশ জায়ান্টদের পরীক্ষা নিয়ে ছেড়েছে শক্তির বিচারে যোজন-যোজন পিছিয়ে থাকা গ্রানাডা।শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-০ গোলে জিতেছে বার্সা। এর মধ্য দিয়ে লিগে নিজেদের পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতল টিটো ভিলানোভার দল। শিরোপার লড়াইয়ে বার্সার মূল প্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে ব্যবধানটাও বাড়ল। ম্যাচের আগে বার্সা এগিয়ে ছিল আট পয়েন্টে, এখন ১১ পয়েন্টে। চার ম্যাচে রিয়ালের দুটিতে হার, একটিতে ড্র। জয় কেবল একটিতে। ব্যবধান কমানোর উপলক্ষটা অবশ্য আজই পেয়ে যাচ্ছে রিয়াল। লিগে আজ রাতে ক্রিস্টিয়ানো রোনালদোদের প্রতিপক্ষ রায়ো ভায়েকোনো।বার্সার অসহায়ত্বটা এবার দেখুন। প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। গোলের দেখা মিলছিল না দ্বিতীয়ার্ধেও। খেলার ৮৭ মিনিটে বার্সাকে আরাধ্য গোলটি এনে দেন দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা জাভি। অথচ ম্যাচের শুরু থেকেই ছিলেন লিওনেল মেসি, সেস ফ্যাব্রিগাস ও ডেভিড ভিয়ার মতো খেলোয়াড়। নির্ধারিত ৯০ মিনিটে ১-০ গোলে এগিয়ে থাকে বার্সা। কিন্তু অতিরিক্ত সময়ের দুই মিনিটের মাথায় জটলার মধ্যে আত্মঘাতী গোল করে বসেন গ্রানাডার বোরজা গোমেজ। শেষ মুহূর্তের নাটকীয়তায় স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।ম্যাচ শেষে স্প্যানিশ একটি টেলিভিশনকে বার্সার ফুলব্যাক দানি আলভেজের প্রতিক্রিয়া, ‘প্রতিটি জয়ই গুরুত্বপূর্ণ। অন্য ম্যাচগুলোর চেয়ে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে এটা ঠিক, তবে কীভাবে কঠিন পরিস্থিতির মধ্যেও জয় পেতে হয় তা জানা আছে আমাদের।’এর পর অবশ্য প্রতিপক্ষের প্রশংসাও করেছেন আলভেজ, ‘আমরা খারাপ খেলেছি, এমনটা নয়। কৃতিত্ব দিতে হয় প্রতিপক্ষ দলকে। ওদের গোলরক্ষক অসাধারণ খেলেছে। ওকে অভিনন্দন না জানিয়ে পারছি না।’ রয়টার্স।