বার্সার পরীক্ষার রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত চোটের সঙ্গে লড়াইয়ে হার মেনেছেন। আজকের ম্যাচের স্কোয়াডে তাই নেই থিয়াগো সিলভা। যদি ৮০ শতাংশও ফিট হতে পারতেন, হয়তো তাঁকে খেলানোর ঝুঁকি নিয়ে ফেলত এসি মিলান। আজকের ম্যাচে মনস্তাত্ত্বিক লড়াই এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে থিয়াগো সিলভাকে নিশ্চয়ই খুব করে মাঠে চাইছিলেন মিলানের কোচ। ব্যাখ্যা জানতে চাইলে আপনাদের ফিরে যেতে হবে গত বছরের ১৩ সেপ্টেম্বর। চ্যাম্পিয়নস লিগেরই এই মৌসুমের উদ্বোধনী ম্যাচে ছিল শেষ মুহূর্তের নাটকীয়তা। নিজেদের মাঠে বার্সা যখন শেষ বাঁশি শোনার অপেক্ষায় উন্মুখ, সেই সময় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে বল জালে পাঠালেন থিয়াগো সিলভা। চিরায়ত ইতালিয়ান স্টাইলের পাল্টা আঘাত করে বার্সার মাঠ থেকে ড্র নিয়েই বেরিয়ে এল এসি মিলান!ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি খুব করেই চাইবেন থিয়াগোর ভূমিকাটা আজ দলের অন্য কেউ নিয়ে নিক। এমন একটা হেডে শেষ মুহূর্তের গোলেও যদি সমতা ফেরানো যায়, তার পরও কিন্তু বিদায় নেবে বার্সা। ১-১, ২-২, ৩-৩...যেকোনো গোলে ম্যাচ ড্র হলেই চ্যাম্পিয়নদের সর্বনাশ। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে শেষ চারে উঠে যাবে মিলান। এক গোল করেও বার্সা তাই স্বস্তিতে থাকতে পারবে না। ফলে মাঠে তাদের নামতেই হবে দুটি গোল করার ভাবনা নিয়ে। পেপ গার্দিওলা এই সহজ হিসাব এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন শিষ্যদের।ফলে বার্সা যে শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়বে, সেটা বোঝার জন্য ফুটবল বোদ্ধা না হলেও চলবে। আক্রমণের ধার বাড়াতে সেস ফ্যাব্রিগাস ফিরছেন দলে। ত্রিমূর্তির আক্রমণের মাঝখানে লিওনেল মেসি, এক প্রান্তে ফ্যাব্রিগাস। অন্যপ্রান্তে? সানচেজ নাকি পেদ্রো? পরশু পর্যন্তও নাকি দ্বিধায় ছিলেন গার্দিওলা। তবে শেষ পর্যন্ত কোচের আস্থা ভোটটা অ্যালেক্সিস সানচেজের বাক্সেই হয়তো যাবে।মিলানও দলে পাচ্ছে গোলশূন্য ড্রয়ের প্রথম লেগে খেলতে না-পারা কয়েকজনকে। এদের মধ্যে পাতোর ফেরাটাই সবচেয়ে বড় সুখবর। এক মাসেরও বেশি মাঠের বাইরে আছেন এই ব্রাজিলিয়ান। লিগ ম্যাচে বিশ্রাম নিয়ে ফিরছেন অভিজ্ঞ রক্ষণযোদ্ধা আলেসান্দ্রো নেস্তা, মেসি নামের আরব্য ঘোড়াটাকে লাগাম পরিয়ে রাখার দায়িত্ব বর্তাবে যাঁর কাঁধে। এ ম্যাচে বার্সা অবশ্যই ফেবারিট। কিন্তু একই সঙ্গে বেশি চাপে থাকা দলও তারাই। বার্সার প্রতিপক্ষ হয়ে আছে ইতিহাস। ‘চ্যাম্পিয়নস লিগ’ নাম ধারণের পর এই ট্রফি টানা দুবার কোনো দলই জেতেনি। সেই ধারা বজায় থাকলে শিরোপা-সিঁড়িতে পা দেওয়ার আগেই ছিটকে পড়ার কথা বার্সার। কে জানে, আজই সেই রাত কি না! তবে বার্সার সবচেয়ে বড় শক্তি ন্যু ক্যাম্প। মাঠে ১১ জন খেলবে, মাঠের বাইরে প্রায় ৮০ হাজার!এই ম্যাচ নিয়ে যত উত্তেজনা, ঠিক উল্টো ছবি বায়ার্ন-মার্শেই ম্যাচ নিয়ে। প্রথম লেগে নিজেদের মাঠেই দুই গোল হজম করে ফিরতি লেগটাকে নিয়মরক্ষার বানিয়ে ফেলেছে মার্শেই। ঘুরে দাঁড়াতে চাইলে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে। তবে ‘অবিশ্বাস্য’ ব্যাপারটা তো আর পাইকারি বাজারে রোজ মেলে না! অবশ্য চাইলে আর্সেনালের কাছ থেকে অনুপ্রেরণা খুঁজতে পারে ফরাসিরা। না, আর্সেনাল জেতেনি। তবে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ৪-০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে করেছিল ৩ গোল। আর একটা গোল হলেই...!টানা নয় ম্যাচ ধরে জয়ের দেখা না-পাওয়া দলটার যা অবস্থা, মার্শেই হয়তো এমন আফসোস করার সুযোগও পাবে না! এএফপি, রয়টার্স।