বার্সার পাঁচে পাঁচ
তাঁর পূর্বসূরি শুরুটা করেছিলেন পুঁচকে নুমানসিয়ার বিপক্ষে হেরে। পরের ম্যাচে নিজেদের মাঠে রেসিং সান্তান্দারের বিপক্ষে ড্র। দুই ম্যাচে হোঁচট খেয়েই শুরু হয়েছিল পেপ গার্দিওলার। সেদিক দিয়ে টিটো ভিলানোভার শুরুটা হলো দুর্দান্ত। লিগে পাঁচ ম্যাচের প্রতিটিতেই জয়। সর্বশেষ জয় এল পরশু। গ্রানাডার বিপক্ষে। ২-০ গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরেকটু সংহত করল বার্সেলোনা।২-০ গোলের জয়। জয়টা এসেছে একেবারে ম্যাচের শেষ প্রান্তের দুটি গোলে। ৮৬ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ০-০। বার্সার একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিচ্ছিল গ্রানাডার রক্ষণ। গোলপ্রহরী তোনোও চীনের প্রাচীরও যেন গড়ে তুলেছিলেন। ম্যাচে বার্সার শট ২০টি শটের ১১টিই ছিল গোলমুখে। মোট ১০টি সেভ করেছেন গ্রানাডা গোলরক্ষক। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১১ পয়েন্টে এগিয়ে গিয়ে চাপ তৈরির সুযোগটা ফসকেই যেতে বসেছিল।সেই সময় বার্সাকে পথ দেখান জাভি। ৫৪ মিনিট পর্যন্ত বেঞ্চে বসে থেকে দেখছিলেন ‘নতুন জাভি’র তকমা নিয়ে ‘লা মেসিয়া’ থেকে উঠে আসা থিয়াগোর অদ্ভুত সব ভুল পাস আর গোলমুখের বিঘত বাইরে নেওয়া বোকা-বোকা সব শট। থিয়াগোর যে এখনো অনেক পাঠ নেওয়া বাকি, সেটা বোঝাতেই দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় নামেন। আক্রমণের ধার বেড়ে যায়। বিশেষ করে আদ্রিয়ানোকে তুলে ক্রিস্টিয়ান তেয়োকে নামানোয় আরও গতি পেয়ে গিয়েছিল বার্সা। তবুও খুলছিল না গোলমুখ। নির্ধারিত সময় ফুরোনোর ৩ মিনিট বাকি। সেই সময় জাভির গোল।ডি-বক্সে নেওয়া তাঁর জোরালো শট ক্রসবারের ভেতরে লেগে ঢুকে যায় জালে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে টেনে আনা বলে লিওনেল মেসির ক্রস নিজেদের জালে ঠেলে দেন বরিয়া গোমেজ। জাভির পর গোমেজের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলেন ভিলানোভা। তাঁর সামনে এখনো গার্দিওলা-অধ্যায়ের সবচেয়ে সুবর্ণ শুরুর পুনরাবৃত্তির সুযোগ। ২০০৯-১০ মৌসুমে লিগে টানা ৬ ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল বার্সা। ওই মৌসুমে অবশ্য লিগে বার্সা প্রথম ম্যাচই হেরেছিল ২২ নম্বর খেলায় গিয়ে!ইনিয়েস্তা চোটের কারণে বাইরে। জাভিকেও বসিয়ে রাখায় মাঝমাঠে সেই ছন্দটা ঠিক তৈরি করতে পারছিল না বার্সা। গ্রানাডার রক্ষণাত্মক খেলার কথা, সেটাই তারা করেছে। বার্সাকেও সেই রক্ষণের জট খুলতেই হবে। বার্সা অবশ্য এদিন রক্ষণেও ‘আক্রমণাত্মক’ ছিল। পিকে-পুয়োলের শূন্যতা ভরতে অ্যালেক্স সং আরেক ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাচেরানোর সঙ্গে ডিফেন্ডার হিসেবে খেলেছেন।বদলি হিসেবে নেমে গোল করে দলকে জিতিয়ে তৃপ্ত জাভি, ‘দলকে জয় এনে দেয় এমন গোল করতে পারা সত্যিই দারুণ। আমি খেয়াল করেছিলাম, গোলরক্ষক তার লাইনের বাইরে। তাই বুটের বাইরের দিক দিয়ে মেরে শটটা ওপরের দিকে নিয়েছি। আমাদের জন্য এটা ছিল কঠিন এক জয়। খুব রক্ষণাত্মক খেলা দলগুলোর বিপক্ষে আগেও আমাদের এমনটা হয়েছে। কিন্তু স্কোর করতে পারলেই সব পাল্টে যায়। আজও তা-ই হয়েছে।’ এএফপি, রয়টার্স।