বার্সার পিছু ছাড়ছেনা রিয়াল
চ্যাম্পিয়নস লিগ থেকে সাদা পতাকা নেমে গেছে আগেই। স্প্যানিশ লিগে অবশ্য পতপত করেই উড়ছিল সেটা। বার্সেলোনার কাছে ‘এল ক্লাসিকো’ হেরে সেই ওড়াটা কেমন থমকে গেছে। তবে রিয়াল হাল ছাড়েনি। পরশু ক্রিস্টিয়ানো রোনালদো আর রাফায়েল ফন ডার ভার্টের গোলে আলমেরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা লড়াইয়ে বার্সেলোনার কাছে-পিঠেই থাকল রিয়াল মাদ্রিদ। বড় চাপ নিয়েই আলমেরিয়ার বিপক্ষে ম্যাচটা খেলতে নেমেছিল রিয়াল। তারা জানত একটা জয় তাদের শিরোপা লড়াইয়ে বার্সেলোনার পাশেই রাখবে। আর জয় ভিন্ন অন্য কিছু ঠেলে দেবে শিরোপা লড়াই থেকে অনেক দূরে। এই চাপকে জয় করে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানটা ঠিক রাখল রিয়াল। ৩২ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৮৩, রিয়ালের ৮০।হারলেও আলমেরিয়া রিয়ালকে ভুগিয়েই ছেড়েছে। তারাই ম্যাচে এগিয়ে গিয়েছিল প্রথম। ১৪ মিনিটে আলবার্ট ক্রুসাটের গোলে পিছিয়ে পড়ে রিয়াল। তবে রোনালদোর ১৯তম লিগ গোল আর ফন ডার ভার্টের ৬৯ মিনিটের গোলে আলমেরিয়ার মাঠ থেকে হাসিমুখেই ফিরেছে পেলেগ্রিনির দল।তবে আগামীকাল কি এই হাসিটা থাকবে? ভ্যালেন্সিয়া এদিন রিয়াল মাদ্রিদের আরেকটা পরীক্ষা নেওয়ার অপেক্ষায়। তবে তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়া আর সবার শেষে থাকা জেরেজ—প্রতিপক্ষ যে দলই হোক রিয়ালের কিছু এসে-যায় না তাতে। কারণ কোচ পেলেগ্রিনি প্রতিটি ম্যাচকেই দেখছেন ‘ফাইনাল’, ‘আমরা প্রতিটি ম্যাচই জয়ের জন্য খেলব। এর বিকল্পও আসলে নেই।’‘আজ ফাইনাল’—এই শব্দযুগল বাজছে ন্যু ক্যাম্পেও। আজ এসপানিওলের বিপক্ষে ম্যাচ বার্সেলোনার। ‘কাতালান ডার্বি’র জন্য খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন কোচ পেপ গার্দিওলা, ‘এই ম্যাচটা ফাইনালের মতো। মৌসুমের এ পর্যায়ে এসে এটাই আমাদের মূল ম্যাচ।’পয়েন্ট তালিকার ১৪ নম্বরের দল এসপানিওল। এর পর তো খেলা বাকি সেভিয়া আর ভিয়ারিয়ালের বিপক্ষেও। এদের চেয়ে এসপানিওলকে কেন এগিয়ে রাখছেন গার্দিওলা? শুনুন তাঁর কণ্ঠেই, ‘ওরা এ ম্যাচটিতে জয়ের জন্য সম্ভাব্য সবকিছুই করতে চাইবে।’ হ্যাঁ, এসপানিওল তা চাইবে। কারণ একই শহরের উজ্জ্বলতম প্রতিপক্ষকে হারানোর মজাটাই আলাদা! এএফপি।