বার্সার প্রতিপক্ষ বায়ার্ন, রিয়ালের ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। রয়টার্স জানিয়েছে, শেষ চারের অপর লড়াইয়ে রিয়াল মাদ্রিদ খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।আজ শুক্রবার নির্ধারিত হওয়া লিগের ড্র থেকে স্পষ্ট, সেমিফাইনালের বাধা টপকাতে পারলে শিরোপা-নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সা।বায়ার্ন ও ডর্টমুন্ড দুটিই জার্মান ক্লাব। সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হচ্ছে না বলে দুই দলই খুশি। ডর্টমুন্ডের প্রধান নির্বাহী জোয়াকিম ওয়াজকের প্রতিক্রিয়া, ‘আমরা খুশি। এটা মনে করছি না যে, লড়াইটা সহজ হবে। আমরা চেয়েছিলাম বায়ার্নের সঙ্গে জাতীয় কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ খেলতে।’ বায়ার্নের উইঙ্গার আরিয়েন রোবেন আগেই বলে রেখেছিলেন, ‘আমরা ডর্টমুন্ড ছাড়া অন্য কোনো দলের সঙ্গে লড়তে চাই। অবশ্য এটা আমাদের চাওয়ার ওপর নির্ভর করছে না।’২০০৮-০৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সার কাছে ৪-০-তে বিধ্বস্ত হয়েছিল বায়ার্ন। এবার ফাইনালের টিকিট পেতে হলে বিদায় করতে হবে সেই বার্সাকে। কাজটা যে কতটা কঠিন, তা ভালো করেই জানেন বায়ার্নের প্রধান নির্বাহী হেইঞ্জ রুমিনিগে। হেইঞ্জ বলেন, ‘ওই ম্যাচটা ভালোই মনে আছে আমার। তবে ওই ম্যাচ নিয়ে ভাবছি না আমি। কারণ সেটি ছিল আমাদের জন্য খুবই বেদনাদায়ক। এরপর যে আমরা যথেষ্ট উন্নতি করেছি, সেটা প্রমাণ করার সুযোগ এসেছে।’বার্সার উচ্ছ্বসিত প্রশংসা করে হেইঞ্জ বলেন, ‘বার্সেলোনা ইউরোপের মানদণ্ড। সাম্প্রতিক বছরগুলোতে যেকোনো দলের চেয়ে বেশিবার চ্যাম্পিয়নস লিগ জয় করেছে তারা। এই মুহূর্তে ইউরোপের সেরা দল বার্সা।’রিয়ালকে নিয়ে অবশ্য খুব বেশি ভীত হওয়ার কারণ ডর্টমুন্ডের নেই। এর কারণ, হোসে মরিনহোর দলের বিপক্ষে দলটির সাম্প্রতিক পারফরম্যান্স। এ মৌসুমে দুবার রিয়ালের মুখোমুখি হয় ডর্টমুন্ড। এর মধ্যে একটি ম্যাচ ২-২ গোলে ড্র হয়। অন্যটিতে ২-১ গোলে জয় পায় ডর্টমুন্ড। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে সেমিফাইনালের লড়াইয়ে রিয়ালেরই চাপে থাকার কথা। রিয়ালের সাবেক খেলোয়াড় ও বর্তমানে ক্লাবটির পরিচালকের দায়িত্বে থাকা এমিলিও বুতরাগিনোর কথায়ও ব্যাপারটা স্পষ্ট, ‘এই মৌসুমে আমরা ডর্টমুন্ডের সঙ্গে দুটি ম্যাচ খেলেছি। একটিতেও ওদেরকে হারাতে পারিনি। তবে আশা করছি, এবারের লড়াইটা ভিন্ন হবে। ডর্টমুন্ডকে হারিয়ে ফাইনালে উঠতে পারব আমরা।’