বার্সার প্রতিশোধের রাতে রিয়ালের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা দেখিয়ে দেব’—বার্সেলোনা শিবির ম্যাচের আগে নীরবে ছড়িয়ে দিয়েছিল এই প্রতিজ্ঞা। নীরবে-নিভৃতে নয়, রিয়াল মাদ্রিদ জোরেশোরেই বলেছিল অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে বার্সার পাশাপাশিই থাকব আমরা। বার্সা তাদের প্রতিজ্ঞাকে বাস্তবে রূপ দিলেও রিয়াল কিন্তু কথা রাখতে পারেনি। সেভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রতিশোধ নিয়েছে বার্সা। আর রিয়াল বিলবাওয়ের কাছে হেরেছে একমাত্র গোলে। এতে রিয়ালের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেল বার্সা। ১৮ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৪৬, রিয়ালের ৪১।বুধবার দ্বিতীয় লেগে ১-০ গোলে জয়ের পরও কিংস কাপের শেষ আটে ওঠা হয়নি বার্সার। কারণ সেভিয়ার বিপক্ষে প্রথম লেগটা তারা হেরেছিল ১-২ গোলে। কিংস কাপ থেকে এভাবে বাদ পড়ায় শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দুদিন পরই আবার সেভিয়াকে সামনে পেয়ে তাই বুঝি মেসিই ছিলেন সবচেয়ে প্রতিশোধস্পৃহ। শেষ পাঁচ মিনিটে তাঁর জোড়া গোলেই হয়েছে সেভিয়ার চূড়ান্ত অপমান।গোল বার্সেলোনা আরও পেতে পারত। হলো না তা তাদের গোলরক্ষক আন্দ্রেস পালপের দৃঢ়তায়। প্রথমার্ধে ইব্রাহিমোভিচ, থিয়েরি অঁরি এবং মেসিকে গোলবঞ্চিত করেছেন তিনি। দ্বিতীয়ার্ধেও করেছেন দুর্দান্ত কয়েকটি সেভ।পালপের কারণেই প্রথম গোল পেতে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে ৪৯ মিনিট পর্যন্ত। সেই গোলটিও আসে প্রতিপক্ষের পা ছুঁয়ে। আত্মঘাতী গোলটি করেছেন এসকুদে। ৭০ মিনিটে দ্বিতীয় গোলটি পেদ্রো রদ্রিগেজের। মেসির গোল দুটি ৮৫ ও ৯০ মিনিটে। বার্সেলোনার জার্সি গায়ে শততম গোলের মাইলফলকও পেরিয়ে গেছেন তিনি (১০১)।মেসির পারফরম্যান্সে মুগ্ধ বার্সা। ‘আমি ওকে ধন্যবাদ জানাই। ও এই বয়সে যা করছে, তা অসাধারণ। ভবিষ্যত্ প্রজন্মের কাছে চমত্কার এক উদাহরণ ও’—বলেছেন গার্দিওলা। মেসি অবশ্য এখনই সবাইকে আত্মতুষ্টিতে ভেসে না যাওয়ার পরামর্শ দিয়েছেন, ‘এখনো মৌসুমের দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা পড়ে আছে। আমাদের অতি আনন্দে ভেসে গেলে চলবে না।’বার্সেলোনায় এখন জয়ের আনন্দ আর রিয়াল মাদ্রিদে চলছে পরাজয়ের কাটাছেঁড়া। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে কাকা-রোনালদো-বেনজেমার মতো তারকাসমৃদ্ধ দলটির কাছে হেরে যাওয়ার পেছনে ভাগ্যবৈরিতাকেই দেখছেন কোচ হোসে ম্যানুয়েল পেলেগ্রিনি, ‘আমরা সুযোগ তৈরি করেছি। সুযোগগুলো কাজে লাগাতে তো ভাগ্যেরও ছোঁয়া দরকার।’ এএফপি।