বার্সার প্রাপ্তি চেনা মেসি
লিগের ম্যাচ, কিন্তু মাথায় তো ঘুরছে বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ। গত পরশু দুই দলই তাই দলের বাজির ঘোড়াগুলোকে বিশ্রামে রেখেছিল। বায়ার্ন মিউনিখ লিগ জিতে গেছে আগেই, সেমিফাইনালের প্রথম লেগের একাদশের ১০ জনকেই তাই বাইরে রাখলেন কোচ। বার্সেলোনার জন্য ম্যাচটা ছিল লিগ শিরোপার শেষ সিঁড়িতে পা দেওয়ার। কিন্তু জয় ভীষণ দরকার ছিল যে বার্সার, তারাই দুর্বল অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ড্র করল ৯০ মিনিটে গোল খেয়ে। না জিতলেও ক্ষতি ছিল না, এমন ম্যাচে বায়ার্ন ঠিকই জিতে গেল। ড্র ম্যাচেও বার্সার কিছু প্রাপ্তি আছে। সবচেয়ে বড় প্রাপ্তি লিওনেল মেসির ছন্দে ফেরা। ৬০ মিনিটে বদলি হিসেবে নামার সাত মিনিটের মধ্যেই মেসির এক জাদুকরি মুহূর্ত। বার্সা তখন বিস্ময়করভাবে ০-১ গোলে পিছিয়ে। বার্সা অধিনায়কের বাহুবন্ধনী পরা মেসি দুর্দান্ত এক গোলে ফেরালেন সমতা। এক মিনিট পরে মেসিরই বিরল হেড গোল করাল অ্যালেক্সিস সানচেজকে দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত বার্সার সেই দুর্বল রক্ষণ শেষ মুহূর্তে গোল হজম করিয়ে ২-২ ড্র করাল ম্যাচটি। মেসি যদিও লিগে নিজের ৪৪তম গোলটি করার পথে গড়েছেন আরও একটি রেকর্ডও। এই মৌসুমে প্রতিপক্ষের মাঠে করলেন ২৪টি গোল, গতবার ক্রিস্টিয়ানো রোনালদোর করা রেকর্ডটির চেয়ে যা এক গোল বেশি। লিগে ৫০ গোলের যে রেকর্ড তাঁর নিজেরই, সেটি ভেঙে দেওয়ার সম্ভাবনাও এখন উজ্জ্বল। লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডটিও ২০ ম্যাচে নিয়ে গেলেন আর্জেন্টাইন জাদুকর। টানা ২৬টি অ্যাওয়ে ম্যাচে গোল করে নিজেদেরই রেকর্ড ছুঁল বার্সা।কিন্তু এ সবই তো লিগের হিসাব। পাঁচ বছরের মধ্যে চতুর্থ লিগ শিরোপা জেতার সামনে দাঁড়িয়েও যে বার্সার মুখ ভার। বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগেই খেলা শেষ হয়ে যাবে—কেই-বা ভেবেছিল! ওদিকে আগেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলা বায়ার্ন পরশু রাতে করে ফেলল একটি রেকর্ডও। বায়ার্নের ‘দ্বিতীয়’ দলই জেরদান শাকিরির একমাত্র গোলে হারাল ফ্রেইবুর্গকে। ৩১ ম্যাচের মাত্র একটিতে পরাজয়, বাকি ৩০টির ২৭টিতেই জেতা বায়ার্নের পয়েন্ট ৮৪। গত বছর বরুসিয়া ডর্টমুন্ডের গড়া এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড (৮১) তিন ম্যাচ হাতে রেখেই ভেঙে ফেলল বায়ার্ন।বায়ার্নের এই রেকর্ডের মধ্যে লুকিয়ে আছে তাদের এই মৌসুমের অপ্রতিরোধ্য গতির একটা ছাপচিত্র। চার বছরে তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল থেকে নিঃশ্বাস-দূরত্বে থাকা এই দলের আসল শক্তি যে ‘ঐক্য’, সেটিই জানিয়ে দিলেন ড্যানিয়েল ফন বাইটেন। তাঁর মতো আরও যারা বেশির ভাগ সময় বেঞ্চে বসে থাকেন, তাঁরাও নাকি নিজেদের দলের অপরিহার্য অংশ বলেই ভাবেন। ‘আমাদের সবার লক্ষ্য একটাই—শিরোপা জেতা। আমরা কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছি। আমাদের বেঞ্চের শক্তিটাও অনেক এবং যারা বেঞ্চে বসে থাকি, তাদের মধ্যে কোনো ঈর্ষা নেই’—বললেন এই ডিফেন্ডার।বুধবার ন্যু ক্যাম্পে সেমিফাইনালের দ্বিতীয় লেগে অসাধ্য সাধনের চ্যালেঞ্জে নামার আগে বার্সার এই ড্রয়ে হতাশা প্রকাশ করলেন সহকারী কোচ জর্ডি রৌরা। তবে এর মধ্যেও তৃপ্তি খুঁজে পাচ্ছেন মেসিকে মেসির মতো খেলতে দেখে, ‘লিও বিশ্বের সেরা খেলোয়াড়। লিও ঠিক আছে। ও খুব ভালোভাবে অনুশীলন করছে, কঠিন সময়ে আমাদের দারুণভাবে সাহায্য করছে। আশা করি, ও নিজের সেরা ফিটনেস আর ফর্ম ফিরে পাওয়ার পথেই আছে।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।