বার্সার বিরুদ্ধে ষড়যন্ত্র!
ভীষণ বিরক্ত জোসেপ মারিয়া বার্তোমেউ। কদিন থেকেই অপ্রিয় বিষয় নিয়েই শুধু কথা বলতে হচ্ছে বার্সেলোনার নতুন সভাপতিকে। নেইমারের দলবদল ‘কেলেঙ্কারিতে’ প্রতিদিন একের পর এক প্রতিবেদন ছেপে যাচ্ছে স্প্যানিশ গণমাধ্যম। মাদ্রিদভিত্তিক গণমাধ্যম তো একেবারে ধুয়ে দিচ্ছে বার্সেলোনাকে। বার্তোমেউর অভিযোগ, প্রচারমাধ্যম ‘পরিস্থিতির সুযোগ’ নিচ্ছে। পুরো প্রচারণাই নাকি বার্সার প্রতি ঈর্ষাপ্রসূত।
বার্সার নতুন সভাপতি পত্রিকার এত আগ্রহ নিয়ে একটা গন্ধ খুঁজে পাচ্ছেন, ‘আমি জানি না কাসেসের (বিদায়ী সভাপতির বিরুদ্ধে মামলা করা বার্সা সদস্য) পেছনে কেউ আছে কি না। কিন্তু মাদ্রিদ এই মামলার সুযোগ নিয়েছে। তারা (মাদ্রিদের পত্রিকা) আমাদের মানহানি করার চেষ্টা করছে। অবশ্য এসবে আমরা আর বিস্মিত নই। আসলে মেসি ও নেইমারের মতো দুজন খেলোয়াড় আমাদের আছে, এটাই ওরা মেনে নিতে পারছে না। সে কারণেই ওরা এসব করছে।’
নতুন সভাপতি বিষয়টাকে যেভাবেই দেখুন, নেইমারের দলবদল নিয়ে আর্থিক বিতর্কের জেরে কিন্তু মাঠের বাইরে বেশ বেকায়দায় বার্সা। এই বিতর্ক সামাল দিতে না পেরে গত সপ্তাহে বার্সার সভাপতির পদ ছাড়তে বাধ্য হন সান্দ্রো রোসেল। নতুন সভাপতি পুরো চুক্তির খুঁটিনাটিও সংবাদ সম্মেলন ডেকে প্রকাশ করেছেন।
তাতেও শেষ হচ্ছে না বিষয়টা। রোসেল তো পদত্যাগ করেছেন, কাসেস এবার মামলা তুলে নেবেন? বার্সা সদস্য একটা শর্তেই মামলা প্রত্যাহার করতে পারেন বলে জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না, বার্সার নীতিনির্ধারকদের কাছ থেকে এমন নিশ্চয়তা চান কোসেস। ওয়েবসাইট।