বার্সার ভুলের ম্যাচে সুপার কাপ রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো দুদিন আগেই গেটাফের কাছে হেরে লা লিগা অভিযাত্রায় বড় ধরনের ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। কাল নিজেদের মাঠে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে খেলতে নামার আগে দলটির আত্মবিশ্বাস ছিল তলানিতে। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীর কিছু ভুলের সদ্ব্যবহার করে রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতে নিল ২-১ গোলে। প্রথম লেগে ন্যু ক্যাম্পে বার্সার কাছে ৩-২ গোলে হারলেও সমষ্টিগতভাবে ৪-৪ গোলে সমতা এনে রিয়াল সুপার কাপ হাতে নিল অ্যাওয়ে গোল আইনে।গেটাফের কাছে লা লিগার দ্বিতীয় ম্যাচটি হারার পর দলের ওপর প্রচণ্ড বিরক্ত ছিলেন কোচ হোসে মরিনহো। যেকোনো মূল্যে তিনি কালকের ম্যাচটায় জয় চেয়েছিলেন। রোনালদো, হিগুয়েইন, ক্যাসিয়াস, সার্জিও র্যামোস, ডি মারিয়ারা কাল আর দুঃখ দেননি কোচকে। ভালো খেলেই মৌসুমের প্রথম ট্রফিটা কোচকে উপহার দিয়েছেন, সেই সঙ্গে ফিরিয়ে এনেছেন পুরো মৌসুমে লড়াই করার মতো আত্মবিশ্বাস।রিয়াল মাদ্রিদ ম্যাচের ২০ মিনিটের মধ্যে বার্সার বিপক্ষে ২ গোলে এগিয়ে যায়। ১১ মিনিটে হিগুয়েইন ও ১৯ মিনিটে ক্রিস্টিয়ানো রোলানদো গোল দুটি করেন। ২৮ মিনিটে আদ্রিয়ানো লালকার্ড পেলে দশজনের দলে পরিণত হয় বার্সেলোনা। বিরতির ঠিক আগে দিয়ে লিওনেল মেসি প্রায় ৩০ মিটার দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে এক গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দশজনের দল নিয়ে রিয়ালের সঙ্গে পরবর্তী সময়ে তাঁদের আর পেরে ওঠা সম্ভব হয়নি।রিয়ালের দুটি গোলই আসে বার্সা ডিফেন্সের অমার্জনীয় ব্যর্থতায়। দুটি গোলের ধরন প্রায় একই। ১১ মিনিটের সময় পেছন থেকে পেপের বাড়ানো একটি পাস ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন বার্সেলোনার পক্ষে শততম ম্যাচ খেলতে নামা হাভিয়ের মাচেরানো। তাঁর ভুলে বল পেয়ে যান গঞ্জালো হিগুয়েইন। তিনি এরপর কেবল মাথা ঠান্ডা রেখে বার্সা গোলরক্ষক ভালদেসকেই পরাভূত করেন।হিগুয়েইনের গোলের আট মিনিটের মাথায় একইভাবে পেছন থেকে বাড়ানো একটি বল বার্সার রক্ষণে পড়লে জরার্ড পিকেকে হিল ফ্লিকে ফাঁকি দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফাঁকায় বল পেয়ে যাওয়া রোনালদো অবশ্য বলের নিয়ন্ত্রণ প্রায় হারিয়েই বসেছিলেন। শেষ পর্যন্ত তিনি নিজেকে সামলে গোলরক্ষক ভালদেসের হাতের নিচ দিয়ে বল জালে পাঠান।খেলার ৪৫ মিনিটের সময় পাওয়া ফ্রি-কিক দুর্দান্ত কারিশমায় কাজে লাগান লিওনেল মেসি। প্রায় ৩০ গজ দূর থেকে তাঁর বাঁ পায়ের ফ্রি-কিক রিয়াল ডিফেন্সের তৈরি করা দেয়াল ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে ফাঁকি দিয়ে জাল স্পর্শ করে। এই গোলের মধ্য দিয়ে লিওনেল মেসি এল ক্লাসিকোয় ১৫ গোলের রেকর্ড স্পর্শ করলেন। তিনি পাশে বসলেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রাউল গঞ্জালেসের। গ্রেট আলফ্রেডো ডি স্টেফানোর চেয়ে মাত্র তিন গোলে পিছিয়ে আছেন এই আর্জেন্টাইন প্লে-মেকার।২০০৮ সালের মে মাসের পর এই প্রথম নিজ মাঠে ‘ক্লাসিকো’ জয়ের স্বাদ পেল রিয়াল। পাশাপাশি রিয়ালের এই জয়ে ভঙ্গ হলো সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার সাত ম্যাচ অপরাজিত থাকার এক অনন্য অভিযাত্রা।ম্যাচ শেষে স্প্যানিশ টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে বার্সেলোনা অধিনায়ক জাভি হার্নান্দেজ বলেছেন, ‘আমরা ম্যাচটা খুব বাজেভাবে শুরু করেছিলাম। রক্ষণভাগের ওই দুটো ভুলই শেষ পর্যন্ত আমাদের ক্ষতির কারণ হলো।’উচ্ছ্বসিত ক্যাসিয়াসের মতে, ‘ন্যু ক্যাম্পেই আমরা দুই গোল করে কাপ জয়ের সম্ভাবনা তৈরি করেছিলাম। এই ম্যাচে প্রথম থেকে আমরা প্রাধান্য বিস্তার করে খেলেছি।’ তিনি বলেন, ‘এই মৌসুমে আমাদের শুরুটা একেবারেই ভালো হয়নি। কখনো কখনো ভাগ্য আপনার সঙ্গে বিরূপ হতে পারে। এই ম্যাচে যেমন ভাগ্য আমাদের সঙ্গেই ছিল।’ রয়টার্স।