বার্সার মতো, বার্সার মতো নয়
বার্সেলোনার মতো খেলবে নাকি খেলবে না—এটাই এখন আর্জেন্টিনার জন্য কোটি টাকার প্রশ্ন। লিওনেল মেসির উপস্থিতি স্বাভাবিকভাবেই আর্জেন্টিনাকে প্রলুব্ধ করে তাঁকে কেন্দ্র করেই আক্রমণ সাজানোর। কিন্তু এখন পর্যন্ত আর্জেন্টিনার বার্সেলোনা হয়ে ওঠার চেষ্টা তেমন ফলদায়ক নয়। কোপা আমেরিকার প্রথম ম্যাচের নিষ্ফলা আর্জেন্টিনা এই প্রশ্নটাই তুলে দিল, খেলার ধরন নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে কি না। আরও জোরালো হয়ে উঠছে এই প্রশ্ন—মেসি কেন বার্সার হয়ে পাওয়া সাফল্য, বিশ্বের সেরা খেলোয়াড়ের স্বীকৃতির যথাযথ অনুবাদ আর্জেন্টিনার হয়ে করতে পারেন না?মাঝেমধ্যে অবশ্য মেসি নিজেও পরিস্থিতিরই শিকার হন। ২০০৬ বিশ্বকাপে, যখন একটা মুহূর্তই আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলে দিতে পারত, সেই ম্যাচে কোচ হোসে পেকারম্যান বসিয়ে রাখলেন মেসিকে। ৮০ মিনিটে মিরোস্লাভ ক্লোসার গোলে সমতা ফেরানো জার্মানি শেষ পর্যন্ত সেমিফাইনালে গেল টাইব্রেকারে জিতে। ২০০৭ কোপার ফাইনালে মেসিকে নজরবন্দী করে রাখল ব্রাজিলের রক্ষণসেনানীরা। আর গত বিশ্বকাপে সেই কোয়ার্টার ফাইনালে, সেই জার্মানির মুখোমুখি হয়ে আর্জেন্টিনা ব্যর্থ হলো আরেকবার।মেসি আর্জেন্টিনার জন্য পরশপাথর নিয়ে এসেছেন, নাকি তাঁকে কেন্দ্র করে, তাঁর ওপর অতিনির্ভরতা বাড়তি সমস্যা তৈরি করছে—প্রশ্ন এখন এটাও। খোদ আর্জেন্টিনা দলেরই অনেকেই মনে করেন, মেসির ওপর এই নির্ভরতা কমানো উচিত দলের স্বার্থেই। মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে গত মঙ্গলবার ওলেকে দেওয়া সাক্ষাৎকারে খোলাখুলিই বলেছেন, ‘আমি মনে করি না জাতীয় দলের শুধু মেসির জন্য খেলা উচিত। বাকিদের গতিও আমাদের কাজে লাগাতে হবে। মেসিই শেষ কথা নয়। হ্যাঁ, সে আমাদের বাড়তি পাওয়া, কারণ সে বিশ্বের সেরা। কিন্তু পুরো দল হিসেবেও আমাদের খেলতে হবে।’মেসিরই বন্ধু সার্জিও আগুয়েরোর মতটাও অভিন্ন, ‘লোকে মনে করে লিও একাই ম্যাচ জিতিয়ে দেবে। কিন্তু মাঠে তো আমরা আসলে ১১ জনই খেলি।’ মেসির প্রতি সমালোচনাটা তাই অন্যায় হয়ে যায় বলেও মন্তব্য করেছেন প্রথম ম্যাচে এক পয়েন্ট এনে দেওয়া এই স্ট্রাইকার, ‘প্রথম ম্যাচে ও কিন্তু ভালো খেলেছে। কিন্তু ও সফল হতে পারেনি, কারণ আমরাই দল হিসেবে ভালো খেলেনি।’একই কথা হুলিও গ্রন্ডোনারও। আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রধান প্রথম ম্যাচের পর বলেছেন, ‘মেসি সব সময়ই ভালো খেলে, কখনোই খারাপ খেলে না। খারাপ খেলে ওর আশপাশে আছে যারা তারাই। ওর কাছে বল ঠিকমতো পৌঁছায় না দেখেই তো বল নেওয়ার জন্য ওকে নিচে নেমে আসতে হয়।’খুবই সত্য কথা বলেছেন গ্রন্ডোনা। বার্সেলোনায় মেসিকে নিচ থেকে সমর্থন দিয়ে যান বিশ্বের সেরা দুই মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা আর জাভি। আর্জেন্টিনায় সেই সমর্থন দেওয়ার লোকটি কোথায়? হুয়ান রোমান রিকেলমে ছিলেন। কিন্তু আর্জেন্টিনায় রিকেলমে এখন অতীত। ভবিষ্যতের ছবি আঁকতে হলে অন্য কাউকে চাই। আর কোচ সার্জিও বাতিস্তা মনে করেন, জাভি-ইনিয়েস্তার ভূমিকাটা এজেকুয়েল লাভেজ্জি ও এভার বানেগার পক্ষে পালন করা সম্ভব, ‘বানেগা, ক্যাম্বিয়াসো আর তেভেজের সঙ্গে লিওনেলের যুক্ত হওয়ার ধারণাটা ভালোমতোই সফল হবে লাভেজ্জিকে দিয়ে।’ দেখা যাক! এএফপি।