বার্সার মধ্য মাঠ এখন অনেক শক্তিশালী: ফেব্রিগাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যু ক্যাম্পে ফিরেই বার্সেলোনাকে স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছেন সেস ফেব্রিগাস। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগের খেলায় তাঁর পাস থেকেই শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেছিলেন লিওনেল মেসি। স্প্যানিশ এই মিডফিল্ডারের উপস্থিতিতে বার্সেলোনার মধ্য মাঠ যে আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে, এটা সহজেই অনুমান করা যায়। অনুমিত সেই কথাটিই আবার সবাইকে মনে করিয়ে দিয়েছেন ফেব্রিগাস।২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে আর্সেনালে যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘ ৮ বছর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার পর আবারও ছোটবেলার ক্লাব বার্সেলোনায় ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। বলেছেন, ‘সে সময় বার্সেলোনা ছাড়ার জন্য আমিও কিছুটা দায়ী। আমি তখন এত ছোট ছিলাম যে জাভি-ইনিয়েস্তাদের সঙ্গে বার্সার প্রথম একাদশে সুযোগই পেতাম না। তখন আর্সেনালের মতো একটা বড় মাপের দল আমাকে প্রস্তাব দেওয়ায় আমি খুব খুশি হয়েছিলাম। বিশেষত যখন কোচ আর্সেন ওয়েঙ্গার নিজে এসে আমার সঙ্গে দেখা করেছিলেন। তবে এখন আবার বার্সেলোনায় ফিরতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার একটা পরিবর্তন খুব দরকার ছিল।’বার্সেলোনায় ফেব্রিগাসের অন্তর্ভুক্তি মধ্য মাঠকে আরও শক্তিশালী করলেও, এটা ৩১ বছর বয়সী জাভি হার্নান্দেজের ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। হয়তো তিনি নিয়মিত প্রথম একাদশে জায়গা নাও পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ ধরনের সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দিয়েছেন ফেব্রিগাস। তাঁরা বার্সেলোনার হয়ে একসঙ্গেই খেলতে চান এবং সাফল্য পেতে চান বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বলেছেন, ‘আমার মনে হয় না, জাভিকে এত তাড়াতাড়ি অবসরে যেতে হবে। আমি এখানে সে জন্য আসিনি। আমি এখানে তাঁর সঙ্গে খেলতে এসেছি। আমরা একসঙ্গে অনেক কিছু জিততে চাই। ইনিয়েস্তা, থিয়াগো আলেসান্দ্রোর ক্ষেত্রেও আমি একই কথা বলব।’ টাইমস অব ইন্ডিয়া।